মাদারীপুর সদর উপজেলায় কবুতর চুরি দেখে ফেলায় ওসমান গণি নামে এক শিশুকে হত্যা করা হয়েছে বলে তার স্বজনরা অভিযোগ করেছেন। গত বুধবার রাত ১২টার দিকে উপজেলার পূর্ব-রাস্তি এলাকার পুকুর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ওসমান গণি (৯) মাদারীপুর
সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে উত্তর ঝিকরহাটি গ্রামের মাসুদ সরদারের ছেলে। তবে ছোটবেলা থেকে সে পূর্ব-রাস্তিতে নানা মনির হোসেনের বাড়িতে থাকে।
নিহতের মামা মাসুদ ফকির বলেন, ‘আমার পোষা কবুতর চুরি করে প্রতিবেশী এমদাদ সরদারের ছেলে আজিজুল (১৬)। সেটি ওসমান দেখে ফেলায়, তাকে পিটিয়ে হত্যার পর লাশ পুকুরে ফেলে দেওয়া হয়।’ তিনি আরও বলেন, ‘রাতেই আজিজুলের বাড়ি থেকে চুরি যাওয়া কবুতর এবং ওসমানের ব্যবহার করা একটি টর্চলাইট উদ্ধার করা হয়েছে। আমরা এ হত্যাকাণ্ডের বিচার চাই।’ ঘটনার পর ঘরে তালা লাগিয়ে পালিয়ে গেছে আজিজুলের পরিবার। মোবাইল ফোনে যোগাযোগ করেও কারও মন্তব্য পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যার পরে দোকান থেকে খাবার কেনার জন্য ওসমান বাড়ি থেকে বের হয়। দীর্ঘসময় ফিরে না আসায়, খোঁজাখুঁজির এক পর্যায়ে স্বজনরা বাড়ির পাশের পুকুরে লাশ পায়।
মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. সওগাতুল আলম জানান, ওসমানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার মাথা, হাতসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। মামলা হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
