ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টির ত্রয়োদশ আসরের খেলোয়াড়দের নিলামে বড় চমক এলেন শিমরন হেটমায়ার। বড় অঙ্কের অর্থে ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটসম্যানকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। দল পাওয়ার আনন্দটা নেচে উদযাপন করলেন এই টপ অর্ডার ব্যাটসম্যান, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল!
বৃহস্পতিবার কলকাতা বসে আইপিএল’র খেলোয়াড়দের নিলাম। তাতে হেটময়ারের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ রুপি। কিন্তু দাম বাড়তে বাড়তে শেষ পর্যন্ত তাকে ৭ কোটি ৭৫ লাখ রুপিতে দলে টেনেছে দিল্লি। হার্ট হিটার এই ব্যাটসম্যানকে দলে টানতে রীতিমত লড়াইয়ে নামে দিল্লি, কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। সেই লড়াইয়ে শেষ পর্যন্ত জয়ী দিল্লি।
নিলামের পর দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয় হেটমায়ারকে। বলা হয়েছিল একটা ম্যাসেজ পাঠাতে। এক মিনিট পর তিনি নাচের এই ভিডিও পাঠিয়ে দেন। সেটাই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে দেয় ফ্র্যাঞ্জাইজিটি।
দু’হাত মাথার উপরে তুলে বিছানায় দাঁড়িয়ে নাচছেন হেটমায়ার। পরনে কালো টি-শার্ট আর হাফ প্যান্ট। আর সেই ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
