শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লিসহ উত্তর ভারতের কিছু অংশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে আঘাতহানা ওই ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৬ দশমিক ৩ ছিল বলে জানিয়েছে এনডিটিভি।
খবরে বলা হয়েছে, আফগানিস্তানে উৎপত্তি লাভ করলেও ভূমিকম্পটি মুহূর্তের মধ্যেই দিল্লিতে কাঁপুনি ধরিয়ে দেয়। কম্পনের কারণে নড়ে ওঠে এনডিটিভির স্টুডিওর লাইটগুলোও। কয়েক সেকেন্ডের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো শহরে। কেউ কেউ ঘরবাড়ি ছেড়ে বাইরে বের হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কার কথা জানিয়েছে ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যম।
ভূকম্পনের পর পরই টুইটারসহ বিভিন্ন যোগাযোগমাধ্যমে খবর প্রচার করেছে শহরের বাসিন্দারা। এর ফলে মুহূর্তেই নেট দুনিয়ায় ভাইরাল হয় ভূমিকম্পের ভিডিওবার্তা।
টাইমস অব ইন্ডিয়া এক খবরে জানিয়েছে, দিল্লির পাশাপাশি প্রতিবেশী এলাকা গুরগাঁও, নদীয়া ও জয়পুরেও ভূমিকম্পের আঘাতে কেঁপে ওঠে। রাজ্যের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবরাখবর পাওয়া গেলে নাগরিকদের সঙ্গে সঙ্গেই প্রশাসনকে জানাতে বলা হয়েছে।
