রিশাদকে ছাড়াই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দল

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ০৯:১৫ পিএম

জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় বসবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর। যে আসরের জন্য আকবর আলীকে অধিনায়ক করে ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তৌহিদ হৃদয় থাকছেন সহ-অধিনায়ক।

গত এক বছরে যুব দলে নিয়মিত খেলা প্রায় সবাই জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকাগামী দলে। তবে আলোচিত লেগ স্পিনার রিশাদ হাসানের জায়গা হয়নি এই দলে। ৫ পেসার ও দুই বাঁহাতি স্পিনার নিয়ে গড়া হয়েছে বাংলাদেশ দল।

বাংলাদেশ এই আসরে খেলবে ‘সি’ গ্রুপে। ১৮ জুন গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে আকবররা। ২১ জুন স্কটল্যান্ড ও ২৪ জুন খেলবে পাকিস্তানের যুবাদের বিপক্ষে। তিনটি ম্যাচই হবে পচেফস্ট্রুমে।

দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে বাংলাদেশের যুবারা দেশ ছাড়বে ৩ জুন। ৭ জুন ও ৯ জুন আনঅফিশিয়াল প্রস্তুতি ম্যাচের পর দুটি অফিশিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ১৩ জুন প্রথম অফিশিয়াল প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ১৫ জুন খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল:

আকবর আলী (অধিনায়ক ও উইকেটরক্ষক), তৌহিদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, প্রান্তিক নওরোজ নাবিল, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন, শামীম হোসেন, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন, তানজিম হাসান সাকিব, অভিষেক দাস, শরিফুল ইসলাম, শাহিন আলম, রকিবুল হাসান, হাসান মুরাদ।

স্ট্যান্ডবাই: অমিত হাসান, এসএম মেহরাব হাসান, আশরাফুল ইসলাম সিয়াম, মিনহাজুর রহমান, রুবেল মিয়া, আসাদউল্লাহ গালিব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত