আবিদ-মাসুদের সেঞ্চুরিতে পাকিস্তানের দাপট

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ১১:২৫ পিএম

করাচি টেস্টের তৃতীয় দিন শেষে ৩১৫ রানের লিড নিয়েছে পাকিস্তান। দিনটা পাকিস্তানের জন্য স্মরণীয় করে রেখেছেন দুই ওপেনার শান মাসুদ ও আবিদ আলি।

তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ৩৯৫। এর আগে প্রথম ইনিংসে পাকিস্তানের ১৯১ রানের বিপরীতে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে করেছিল ২৭১ রান।

রাওয়ালপিন্ডি টেস্টে সেঞ্চুরি করে ইতিহাস গড়েছিলেন আবিদ। ওয়ানডের পর টেস্ট অভিষেকেও সেঞ্চুরির ইতিহাস গড়ার পর এদিন প্রথম পাকিস্তানি হিসেবে অভিষেকের পর টানা দুই টেস্টে সেঞ্চুরি করলেন আবিদ।

তার আগেই সেঞ্চুরি তুলে নিয়েছিলেন শান মাসুদ। ফলে ২০০১ সালের পর এই প্রথম এক টেস্টে পাকিস্তানের পক্ষে দুই ওপেনার সেঞ্চুরি পেলেন।

লাহিরু কুমারার শিকার হয়ে ফেরেন দুজনই। উদ্বোধনী জুটিতে দুজন গড়েছেন ২৭৮ রানের জুটি। দ্বিতীয় ইনিংসে যে কোনো উইকেটে পাকিস্তানের সর্বোচ্চ জুটি এটি।

সাজঘরে ফেরার আগে ১৯৮ বলে ১৩৫ রান করেছেন মাসুদ। ৭টি চারের সঙ্গে মেরেছেন ৩ ছক্কা। আবিদ ২৮১ বলে খেলেছেন ১৭৪ রানের ইনিংস। ২১টি চারের সঙ্গে ১টি ছক্কা হাঁকান তিনি।

এই দুজন ফিরলেও পাকিস্তানকে এগিয়ে নিচ্ছেন অধিনায়ক আজহার আলি ও বাবর আজম। আজহার অপরাজিত ৫৭ ও বাবর ২২ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।

এর আগে বৃষ্টির দাপটে রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্ট ড্র হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত