নরসিংদীর মাধবদীতে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী খাদিজা আক্তার রুমার (২৫) শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় স্বামী বিপ্লব মিয়া (৩০)। গতকাল শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রুমা সদর উপজেলার শিলমান্দী গ্রামের কাজল মিয়ার মেয়ে। এ ঘটনায় দায়ের হত্যা মামলায় দুপুরে বিপ্লব মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহতের বাবা জানান, প্রায় দেড় বছর আগে রুমাকে তিনি বিপ্লবের সঙ্গে বিয়ে দেন। তাদের ৭ মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকে যৌতুকের ৩ লাখ টাকার জন্য বিপ্লব প্রায়ই রুমাকে নির্যাতন করত। এরই জের ধরে গত ১৬ ডিসেম্বর দুপুরে রুমার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় বিপ্লব। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গতকাল তার মৃত্যু হয়। মেয়ে হত্যার বিচার দাবি করেন তিনি।
মাধবদী থানার ডিউটি অফিসার এসআই দিদারুল আলম বলেন, কাজল মিয়া দুপুরে হত্যা মামলা করেন। পরে বিপ্লবকে গ্রেপ্তার করা হয়। কাল (আজ) তাকে আদালতে তোলা হবে।
