বছরব্যাপী স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করবে বিএনপি

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ০২:০১ এএম

বছরব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করবে বিএনপি। এ জন্য দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে প্রধান করে উদযাপন উপকমিটি গঠন করা হয়েছে।

গতকাল শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, আগামী বছর স্বাধীনতার অর্ধশত বর্ষ। এই অর্ধশত বার্ষিকী বছরব্যাপী বিএনপি যথাযোগ্য মর্যাদায় উদযাপনে একটি উপকমিটি গঠন করেছে। এই উপকমিটি সারা বছর ধরে কর্মসূচি পালন করার পরিকল্পনা করবে এবং সেই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য ব্যবস্থা গ্রহণ করবে। উপকমিটির প্রধান দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ  হোসেন। সদস্যরা হলেনÑ গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান।

বিএনপি মহাসচিব জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘গুরুতর’। তার মুক্তির দাবিতে কার্যকর আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত স্থায়ী কমিটির বৈঠকে নেওয়া হয়েছে। তিনি জানান, বৈঠকে সদ্য প্রয়াত ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার পরিবার ও ব্র্যাকের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়। একই সঙ্গে জিয়া পরিষদের চেয়ারম্যান কবীর মুরাদের মৃত্যুতেও শোক প্রকাশ করা হয়।

‘৩০ ডিসেম্বর : গণতন্ত্র হত্যা দিবস’ : মির্জা ফখরুল বলেন, আগামী ৩০ ডিসেম্বর সেই কলঙ্কজনক নির্বাচন যা বাংলাদেশের রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় একটি কলঙ্ক বলে আমরা মনে করি। সেই দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত হয়েছে। দিনটি যথাযোগ্য গুরুত্বের সঙ্গে পালন করার জন্য জাতীয় ঐক্যফ্রন্ট, ২০ দলীয় জোট ও বিএনপি তাদের কর্মসূচি গ্রহণ করে তা পালন করবে।

তিনি জানান, রোহিঙ্গাদের গণহত্যার বিচারে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দেওয়ার জন্য গাম্বিয়াকে ধন্যবাদ জানিয়ে চিঠি দেবে বিএনপি। মির্জা ফখরুল বলেন, আন্তর্জাতিক আদালতে এই মামলা রায়ের জন্য অপেক্ষা করছে।  যেহেতু গাম্বিয়া এই মামলাকে আন্তর্জাতিক আদালতে তুলে নিয়ে এসেছে। গাম্বিয়াকে সহযোগিতা করেছে কানাডা ও  নেদারল্যান্ডস। সেজন্য সিদ্ধান্ত হয়েছে বিএনপির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানিয়ে পত্র দেওয়া হবে। দুঃখজনক হচ্ছে  যে, এই মামলায় বাংলাদেশের কোনো ভূমিকাই ছিল না। ভারতের নাগরিকত্ব আইন নিয়ে বিএনপি তার অবস্থান জানিয়ে আজ রবিবার বিকেলে সংবাদ সম্মেলন করবে বলেও জানান দলটির মহাসচিব। তিনি জানান, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী ১৯ জানুয়ারি পালনেরও সিদ্ধান্ত হয় স্থায়ী কমিটির বৈঠকে।

‘নতুন নেতৃত্বকে স্বাগত’ : আওয়ামী লীগের নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়েছে বিএনপি। এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘আমরা যেহেতু একটি রাজনৈতিক দল, আমরা সব রাজনৈতিক দলকে সব সময় সহযোগিতা করি, স্বাগত জানাই এবং আওয়ামী লীগের কাউন্সিলে যেহেতু নতুন  নেতৃত্ব গঠন করা হয়েছে। আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। তিনি বলেন, আমরা আশা করব এই নতুন যে কার্যকরী পরিষদ গঠিত হয়েছে, এই কার্যকরী পরিষদ তাদের অতীতের অপকর্মগুলো ভুলে গিয়ে জনগণের অধিকারগুলো প্রতিষ্ঠা করার জন্য অতিদ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করবে। যে নির্বাচনটি একটি নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় অনুষ্ঠিত হবে এবং মানুষের ভোটের অধিকারগুলো ফিরিয়ে দেবে।

স্কাইপেতে যুক্ত হয়ে এই বৈঠকে সভাপতিত্ব করেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মির্জা ফখরুল ছাড়া বৈঠকে ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত