খুলনা বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ সমাবর্তন আজ রবিবার। অনুষ্ঠান উপলক্ষে গোটা ক্যাম্পাস অপরূপ রূপে সাজানো হয়েছে।
এর আগে শনিবার দুপুর সোয়া ২টায় ক্যাম্পাসে সমাবর্তন মহড়া অনুষ্ঠিত হয়। সমাবর্তনে আগত প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ক্যাম্পাস।
ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, বিভিন্ন একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, হলসমূহ, উপাচার্যের বাসভবনসহ গুরুত্বপূর্ণ সড়ক ও অবকাঠামো অলোকসজ্জা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে ও নগরীর দর্শনীয় স্থানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির পোর্টেট ছবি শোভা পাচ্ছে।
পাঁচ হাজার অতিথি ধারণ ক্ষমতা সম্পন্ন আধুনিক মানের বিশাল প্যান্ডেল ও মঞ্চ তৈরির কাজ শেষ পর্যায়ে। এবারই এই প্রথম খুলনায় এ ধরনের আধুনিক প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে। ক্যাম্পাসের রাস্তায় চলছে আলপনা ও অন্যান্য সাজসজ্জা। খুলনা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রপতিকে বরণ করার জন্য এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে।
বিশ্ববিদ্যালয়ের মূল সমাবর্তন অনুষ্ঠান স্থলসহ গোটা ক্যাম্পাসকে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় আনা হয়েছে। গোটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন নিরাপত্তার চাদরে ঢাকা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এবারের সমাবর্তনে ৪ হাজার ৪৭৮ জনকে স্নাতক, ২ হাজার ৫৩০ জনকে স্নাতকোত্তর, ৫ জনকে এমফিল ও ৮ জনকে পিএইচডি এবং ১৭ জনকে পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন এডুকেশন ডিগ্রি প্রদান করা হবে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের (অনুষদ) পরীক্ষার ফলাফলে অসাধারণ কৃতিত্বের জন্য ২৩ জনকে গোল্ড মেডেল দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এদিকে সমাবর্তনের মূল অনুষ্ঠান সূচি অনুযায়ী খুলনা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।
এর আগে বিশ্ববিদ্যালয়ে পৌঁছে মূল অনুষ্ঠানপূর্বে তিনি বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের অদূরে নবনির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল ‘কালজয়ী মুজিব’ উদ্বোধন করবেন। পরে তিনি সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন।
সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ।
সমাবর্তন বক্তার বক্তব্য রাখবেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বিশ্ববিদ্যালয়ের অর্জনসহ গুরুত্বপূর্ণ দিক উল্লেখ করে বক্তব্য প্রদান করবেন।
এছাড়া স্বাগত বক্তব্য রাখবেন ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ।
সমাবর্তন অনুষ্ঠানে মন্ত্রী পরিষদের কয়েকজন সদস্য, খুলনা সিটি করপোরেশনের মেয়র, সংসদ সদস্য, সচিব, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সামরিক ও বেসামরিক, বিভাগীয়, জেলা পর্যায়ের প্রশাসন, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংস্থার কর্মকর্তা, নির্বাচিত স্থানীয় সরকারের জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের প্রধান ও ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিদের আমন্ত্রণ জানা হয়েছে।
