‘বৃষ্টি ঝরে যায় দুচোখে গোপনে, সখি গো নিলা না খবর যতনে/’- এই গানেই গোটা দেশের শ্রোতাদের মন জয় করে নিয়েছিলেন তৌসিফ। ক্যাসেট যুগে তার কণ্ঠ ছড়িয়ে যায় দেশের বিভিন্ন প্রান্তে। উপহার দেন বেশ কয়েকটি সফল অ্যালবাম।
একটা সময় গান নিয়ে তুমুল ব্যস্ত থাকলেও এখন তৌসিফকে হরহামেশা পাওয়া যায় না। সময় নিয়ে নতুন গান করেন। আর বেশির ভাগ সময় নিজের কথা-সুরেই গান বাঁধেন।
তবে এবার তৌসিফ গাইলেন অন্যের কথা এবং সুরে। কবি জাহিদ কাজীর কথা ও সুরের সেই গানের নাম ‘আজ মন খারাপের দিনে’। যার সংগীতায়োজন করেছেন রাজীব হোসেন।
দেশের অন্যতম অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের ব্যানারে শনিবার প্রকাশ হয়েছে গানটি। লিরিক্যাল ভিডিও আকারে গানটি জি-সিরিজের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে।
নতুন এ গান প্রসঙ্গে সংগীতশিল্পী তৌসিফ বলেন, ‘গানটির কথা ও সুর খুবই সুন্দর। চমৎকার কাব্যকথার গাঁথুনিতে আবৃত এ গানটি যে কারও জীবনের ফেলে আসা স্মৃতিকে নাড়া দেবে। গাওয়ার পাশাপাশি গানটিকে আমি বেশ উপভোগ করেছি। আশা করছি, নতুন এই গানটি প্রিয় শ্রোতাদের ভিন্ন এক মুগ্ধতায় রাঙাবে।’
গানটি নিয়ে প্রতিশ্রুতিশীল কবি জাহিদ কাজী বলেন, ‘কবিতা চর্চার পাশাপাশি অনেক আগে থেকেই মাঝেমধ্যে সুযোগ পেলে গানও লিখি। কিন্তু গান প্রকাশের ক্ষেত্রে করব করছি বলে টাইমিং হচ্ছিল না। অবশেষে কাছের বন্ধুবান্ধব ও সহকর্মীদের তাড়নায় গান প্রকাশের বিষয়ে উদ্যোগী হই।’
তিনি বলেন, ‘গানের লিরিক তৌসিফ ভাইয়ের কাছে দেয়ার পর তিনিও পছন্দ করলেন। অসাধারণ গাইলেনও। এই গানের চমৎকার সংগীতায়োজন করেছেন সংগীত পরিচালক রাজীব হোসেন। তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আশা করছি, আমাদের এই প্রয়াস সংগীতপ্রেমীদের ঋদ্ধ করবে। সবার উৎসাহ পেলে সামনে আরও ভালো কিছু নিয়ে আসাতে প্রাণিত হবো।’
