সাত বার হামলার শিকার ডাকসু ভিপি নুর

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ১১:৫৩ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর এখন পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সাত বার হামলা শিকার হয়েছেন। এর মধ্যে পাঁচ বার হামলার শিকার হয়েছেন ডাকসুর ভিপি নির্বাচিত হওয়ার পর।

প্রায় সবগুলো হামলায় ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। 

প্রথম হামলা

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দানকালে প্রথম হামলার শিকার হন নুরুল হক নুর। ২০১৮ সারের ৩০ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগরের সামনে কোটা আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণার জন্য সংবাদ সম্মেলন করতে গেলে নুরুল হকসহ তার সংগঠন ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। সে বার প্রায় ১৫ দিন হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল নুরুল হককে।

রোকেয়া হলে হামলা

চলতি বছরের ১১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনের দিন দ্বিতীয় বার হামলার শিকার হন নুরুল হক নুর। ডাকসু নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে প্রতিবাদ করতে গিয়ে রোকেয়া হলে ছাত্রলীগের হামলার শিকার হন তিনি। পরে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে বেড শুয়ে তিনি ডাকসুর ভিপি পদে জয়ী হওয়ার খবর পান।

টিএসসিতে হামলা

ডাকসু নির্বাচনের পর দিন ১২ মার্চ ভিপি পদে নির্বাচিত হয়ে হাসপাতাল থেকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আসেন নুরুল হক নুর। সেখানে আবারও ছাত্রলীগের হামলার শিকার হন তিনি। তাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছিলেন ছাত্রদল নেতা তৌহিদুর রহমান। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে নুরুল হক নুরকে ডাকসুর ভিপি হিসাবে মেনে নিয়ে তাকে অভিনন্দন জানান ছাত্রলীগের তৎকালীন সভাপতি ও ছাত্রলীগ মনোনীত ভিপি প্রার্থী রেজওয়ানুল হক চৌধুরী শোভন।

বগুড়ায় হামলা

ঢাকার বাইরে প্রথম হামলার শিকার হন চলতি বছরের ২৬ মে বগুড়া শহরে। ছাত্র অধিকার পরিষদের ইফতার মাহফিলে যোগ দিতে গিয়ে ছাত্রলীগের হামলার শিকার হন ভিপি নুরুল হক নুর। জেলা ছাত্রলীগের সভাপতি তিতাসের নেতৃত্বে তার ওপর হামলা করা হয়েছিল বল অভিযোগ ওঠে। এদিন ভিপি নুরুসহ তার সংগঠনের প্রায় পাঁচজন আহত হন। পরে তাদের অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়।

নিজ এলাকায় হামলার শিকার

পটুয়াখালীর গলাচিপা উপজেলার নিজ এলাকায় ঈদ উদযাপন করতে গিয়ে গত ১৪ আগস্ট স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার শিকার হন নুরুল হক নুর। সেদিন গলাচিপা থানা পুলিশের সহায়তায় পটুয়াখালী ত্যাগ করেন নুরুল হক।

রাজু ভাস্কর্যে মুক্তিযুদ্ধ মঞ্চের হামলা

ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইনের পাসের প্রতিবাদে ১৭ ডিসেম্বর ডাকা সমাবেশে নুরুল হক নুরসহ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা করে মুক্তিযুদ্ধ মঞ্চ। এ হামলার নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি ও ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম বুলবুল। হামলায় ভিপি নুরুল হকের বাম হাতের একটি আঙ্গুল ভেঙ্গে যায় বলে অভিযাগ ওঠে। এরপর দিন আবার ভিপি নুরুকে মারধর করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লাঠি হাতে মহড়া দেয় মুক্তিযুদ্ধ মঞ্চ। তবে প্রক্টরিয়াল বডির হস্তক্ষেপে সেদিন হামলা চালাতে পারেনি মুক্তিযুদ্ধ মঞ্চ।

ডাকসু ভবনে হামলা

সর্বশেষ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে মুক্তিযুদ্ধ মঞ্চের হামলার শিকার হন নুরুল হক নুর। গুরুত্বর আহত নুরুল হক নুরসহ ২৪ জন ঢাকা মেডিকাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। পরে নুরসহ চারজনকে ভর্তি করা হয় ঢামেকে। এদের মধ্যে একজনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত