দীর্ঘদিন ধরে চাঁদা না দেওয়ায় কিছু কোম্পানিকে সংগঠনের সদস্য তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানি (বিএপিএলসি)। গতকাল বিএপিএলসির ২০তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ সিদ্ধান্তের কথা জানান সংগঠনির প্রেসিডেন্ট ও এমজেএল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আজম জে চৌধুরী।
গতকালের বার্ষিক সভায় আজম জে চৌধুরী বলেন, আমাদের অনেক সদস্য আছে যারা দীর্ঘ দিন ধরে সংগঠনের কোনো চাঁদা দেন না। এ বিষয়ে তাদের বারবার জানানো হয়েছে। তারপরও তাদের কাছ থেকে কোনো সাড়া মেলেনি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, তাদের আবার জানানো হবে এবং এবার তাদের কাছ থেকে কোনো উত্তর না পেলে সদস্য তালিকা থেকে বাদ দেওয়া হবে।
একজন সদস্য চাঁদা না দেওয়া কোম্পানির সংখ্যা ও নাম জানতে চাইলে বিএপিএলসির ভাইস প্রেসিডেন্ট ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খান বলেন, সদস্যদের মধ্যে অনেক কোম্পানি আছে যাদের ব্যবসার অবস্থা ভালো নয়। কিছু কোম্পানির উৎপাদনও বন্ধ এবং তারা দীর্ঘদিন ধরে ফি দিচ্ছেন না। যদিও নিয়ম অনুযায়ী পুঁজিবাজারে তালিকভুক্ত হওয়ার পর বিএপিএলসির সদস্য হওয়া বাধ্যতামূলক। তাই তারা সদস্য তালিকা থেকে বাদ পড়লে পুঁজিবাজারে তালিকাভুক্ত থাকার কথা নয়।
বিএপিএলসির বার্ষিক সভায় উপস্থিত ছিলেন এসিআই লিমিটেডের চেয়ারম্যান আনিস উদ দৌলা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মোবারক আলী, ডেল্টা লাইফ ইনস্যুরেন্সের চেয়ারমান মঞ্জুরুর রহমান, প্রগতি ইনস্যুরেন্সের চেয়ারম্যান সৈয়দ এম আলতাফ হুসেন প্রমুখ।
সম্পªতি ২০২০ ও ২১ সালের জন্য বিএপিএলসির সভাপতি পুনর্নির্বাচিত হয়েছেন আজম জে চৌধুরী। এ ছাড়া ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন।
