‘উদ্যোক্তা সম্মেলন’ শুরু ৪ জানুয়ারি

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ১১:৫৫ পিএম

উদ্যোক্তাবিষয়ক সংগঠন ‘নিজের বলার মতো একটা গল্প’-এর ‘উদ্যোক্তা সম্মেলন’ আগামী ৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সংগঠনটির তৃতীয় বর্ষে পদার্পণ ও দুই লাখ তরুণ-তরুণীকে বিনা মূল্যে প্রশিক্ষণ প্রদান উপলক্ষে আয়োজিত সম্মেলনে রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে অংশ নেবেন ৬৪ জেলার চার হাজার শিক্ষার্থী।

এদিন সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশসেরা বক্তা ও উদ্যোক্তাদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৪টায় এই আয়োজনের দ্বিতীয় বর্ষপূর্তি, অষ্টম ব্যাচের সমাপনী ও পুরস্কার দেওয়া হবে।

সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৬৪ জেলা ও ৫০টি দেশের প্রবাসী বাংলাদেশিসহ দুই লাখ তরুণ-তরুণীকে আটটি ব্যাচে টানা ৯০ দিন বিনা মূল্যে উদ্যোক্তাবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে এই প্ল্যাটফর্ম থেকে। প্রতি সপ্তাহে দেশে-বিদেশে মিটআপের মধ্য দিয়ে চলছে আর অফলাইন কার্যক্রমও। এই প্ল্যাটফর্ম থেকে এরই মধ্যে দুই হাজার উদ্যোক্তা তৈরি হয়েছেন। এর মধ্যে ২০০ নারী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত