মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে কনসার্টে অংশ নিচ্ছেন জনপ্রিয় তারকা পপি, অপু বিশ্বাস, ইমরান। সারা দেশে এই কনসার্টের উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও চ্যানেল লাইভ এন্টারটেইনমেন্ট। ধারাবাহিক এই কনসার্ট শুরু হচ্ছে আগামী ৩ জানুয়ারি থেকে। প্রথম কনসার্টটি অনুষ্ঠিত হবে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে। এতে পারফর্ম করবেন অভিনেত্রী পপি, অপু বিশ্বাস, অভিনেতা ফেরদৌস, কণ্ঠশিল্পী কনা, মিলা, ইমরান, পূজা ও সুজন আরিফ। কোরিওগ্রাফিতে থাকবে সোহাগ ড্যান্স গ্রুপ। উপস্থাপনা করবেন মডেল জান্নাতুল পিয়া। জনপ্রিয় এই শিল্পীদের পরিবেশনার পাশাপাশি বৈচিত্র্যময় লেজার শো থাকবে বলে আয়োজকেরা জানান।
আয়োজকেরা জানান, মাদকের কালো থাবা তরুণ সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এ কারণে দেশব্যাপী মাদক প্রতিরোধে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে সারা দেশে এই কনসার্টের আয়োজন করা হচ্ছে। পর্যায়ক্রমে দেশের ৬৪টি জেলায় ধারাবাহিকভাবে এই কনসার্ট অনুষ্ঠিত হবে। নতুন বছরের ৩ জানুয়ারি রাজশাহী কনসার্টের উদ্বোধন করা হবে।
কনসার্টের উদ্বোধন করবেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিরেক্টর জেনারেল মো. জামাল উদ্দিন আহমেদ এবং ডিরেক্টর মো. নুরুজ্জামান শরিফ [এনডিসি]। ৩ ফেব্রুয়ারি দুপুর ২টায় কনসার্টে দর্শকের জন্য স্টেডিয়ামের দরজা খুলে দেওয়া হবে। কনসার্ট শুরু হবে বিকেল ৪টায়। এদিন সন্ধ্যা পর্যন্ত চলবে শিল্পীদের নান্দনিক পরিবেশনা।
