বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সদ্য ঘোষিত আংশিক পূর্ণাঙ্গ কমিটিতে জায়গা না পাওয়ায় বিক্ষুব্ধ হয়ে উঠেছেন বিবাহিত ছাত্রদল নেতারা। ড়্গোভের বহিঃপ্রকাশ হিসেবে তারা গতকাল রবিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের চতুর্থ তলায় ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে তালা লাগিয়ে দেন। একই সঙ্গে ছাত্রদলের ঘোষিত কমিটিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি আল মেহেদী তালুকদার।
দেশ রূপান্তরকে তিনি বলেন, ছাত্রদলকে ঐক্যবদ্ধ করার পরিবর্তে পঙ্গু করার ষড়যন্ত্র করছে বিএনপির একটি অংশ। এর অংশ হিসেবে বিবাহিতদের বাদ দেওয়া হয়েছে। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি ছাত্রদলের ঘোষিত কমিটিকে প্রতিহত করার।
নাম প্রকাশে অনিচ্ছুক বিবাহিত এক ছাত্রদল নেতা বলেন, আজ সোমবার ঢাবিতে সংবাদ সম্মেলন করে ছাত্রদলের ঘোষিত কমিটিকে ক্যাম্পাস এলাকায় অবাঞ্ছিত করার ঘোষণা দেওয়া হতে পারে।
এর আগে সন্ধ্যায় পরবর্তী করণীয় নির্ধারণে ঢাকা বিশ^বিদ্যালয়ের টিএসসিতে বিবাহিত ছাত্রদল নেতারা বৈঠক করেন। বৈঠকে তারা ছাত্রদলকে প্রতিহত করার ঘোষণা দেন।
