কুমার নদের পাড়ে চলছে অবৈধ দখল উচ্ছেদ অভিযান

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৯, ১২:৫৫ পিএম

সারা দেশের সঙ্গে ফরিদপুরে শুরু হয়েছে অবৈধ দখল উচ্ছেদ অভিযান। সোমবার সকাল ১০টার দিকে শহরের আলিমুজ্জামান ব্রিজের নিচে কুমার নদের পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে ফরিদপুরে এ অভিযান শুরু হয়।

ফরিদপুর জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও পৌরসভার তত্ত্বাবধানে এ অভিযান চালানো হয়।

সরেজমিনে দেখা গেছে, আলিমুজ্জামান বেইলি ব্রিজের নিচে গড়ে ওঠা কাঁচা ঘর সেখান থেকে ভেঙে সরিয়ে ফেলা হয়। এ সময় সেখানে বসতিরা নানা অভিযোগ করতে থাকেন।

সাজেদা বেগম নিলু নামে সেখানকার একজন বাসিন্দা বলেন, প্রায় ৩০ বছর ধরে আমরা এখানে বাস করছি। আমাদের কিছু না জানিয়েই সকালে ঘরবাড়ি ভেঙে ফেলা হয়। আমরা মালামাল সঠিকভাবে সরাতেও পারিনি। আমাদের মতো গরিব পরিবারগুলোকে উচ্ছেদের আগে পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া উচিত ছিল।

লতা নামে একজন বাসিন্দা জানান, তিনি ফুটপাতে পরোটা ও চটপটি বিক্রি করেন। বিভিন্ন সমিতিতে তার কিস্তি রয়েছে। এখন এখান থেকে উচ্ছেদ হলে আমরা কোথায় যাবো? কিস্তির টাকাই বা পরিশোধ করবো কীভাবে?

এ ব্যাপারে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, সরকারের নির্দেশে সারা দেশে এ উচ্ছেদ শুরু হয়েছে। পর্যায়ক্রমে সকল অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ফরিদপুর পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু বলেন, ‘দরিদ্রদের কিছু সময় দেওয়ার দরকার ছিল। এই শীতের সময় এরা কোথায় যাবে। তাদের পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হলে ভালো হতো।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত