ছিন্নমূল-যৌনকর্মীদের কম্বল দিলেন নুসরাত

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৯, ০২:১৩ পিএম

আর দিন দু-এক বাদেই বড়দিন। আপনজন, আড্ডা, খাওয়া-দাওয়া ও বেজায় আনন্দ চারদিকে। কিন্তু যারা পথের ধারে খোলা আকাশের নিচে বাস করে- তারা শুধু নতুন বছরের আনন্দে আতশবাজি রোশনাই দেখে! ক্রিসমাস পার্টি তো দূরে থাক, হাড় কাঁপানো ঠান্ডায় ওদের গায়ে দেওয়ার পোশাক অবধি নেই।

সংবাদ প্রতিদিন জানায়, তাদের কথা ভেবেছেন তৃণমূলের তারকা সাংসদ নুসরাত জাহান। কম্বল বিলি করলেন দুর্গতদের মাঝে। সান্তা ক্লজের মতোই পথবাসী থেকে যৌনকর্মী- সবার হাতে তুলে দিলেন বড়দিনের উপহার।

নুসরাত বলেন, “উৎসব মানেই তো আনন্দ আর খুশি। সেই সুবাদেই দুর্গত এবং যৌনকর্মীদের উষ্ণতা মাখা ভালোবাসায় মুড়ে দিলাম। আনন্দ ভাগ করে নিলাম সবার সঙ্গে। আর মানবিক হওয়ার জন্য তো কোনো মূল্যের প্রয়োজন হয় না। তাই একটু আনন্দ ছড়িয়ে দিলাম।”

নিজে হাতে বাচ্চাদের মুড়ে দিলেন ভালোবাসার ওমে। জড়িয়েও ধরলেন। সেই মুহূর্তের ভিডিও নুসরাত শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গেল, নায়িকার স্বামী নিখিল জৈনও কম্বল তুলে দিচ্ছেন সবার হাতে।

লোকসভা নির্বাচন ও নতুন সংসারের ব্যস্ততার কারণে চলতি বছর বড়পর্দায় দেখা মেলেনি নুসরাত জাহানের। কিছুদিন আগে প্রকাশ হয়েছে তার পরের ছবি ‘অসুর’-এর ট্রেলার। সঙ্গে আছেন জিৎ ও আবীর চট্টোপাধ্যায়ের মতো বড় তারকা। আর পরিচালনা করছেন পাভেল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত