টিকটিকের পর এবার গোয়েন্দাবৃত্তিতে অভিযোগ উঠেছে টোটকের বিরুদ্ধে। স্পাইং টুল হিসেবে ব্যবহার হচ্ছে আরব আমিরাতভিত্তিক চ্যাট ও ভয়েস কলিং অ্যাপটি।
রবিবার নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বিষয়টি উঠে আসে।
চলতি বছরের শুরুতে অ্যাপটি রিলিজ হয়। এর মধ্যে এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। মার্কিন পত্রিকাটির অনুসন্ধানে উঠে আসে, অ্যাপটি যারা ইনস্টল করেছেন তাদের কথোপকথন, গতিবিধি, সম্পর্ক, নিয়োগ, শব্দ, ছবি ট্র্যাক করছে টোটক।
ইতিমধ্যে কয়েক মিলিয়ন মানুষ গুগল ও অ্যাপল অ্যাপ স্টোর থেকে টোটক ডাউনলোড করেছে। তবে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনের পর গুগল ও অ্যাপল তাদের প্লে স্টোর থেকে অ্যাপটি সরিয়ে নিয়েছে।
টোটকের প্রতিষ্ঠাতা ব্রিজ হোল্ডিং কোম্পানিটিও সন্দেহজনক বলে জানিয়েছে প্রতিবেদনটি। এটিকে এফবিআইয়ের তালিকাভুক্ত হ্যাকিং ফার্ম ডার্ক ম্যাটারেরই একটি প্রতিষ্ঠান বলে ধারণা করা হচ্ছে।
