উইজডেনকে সাকিবের ধন্যবাদ

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৯, ০৭:২৭ পিএম

একদিন আগেই ‘ক্রিকেটের বাইবেল’ খ্যাত উইজডেন অ্যালমানাক বেছে নিয়েছে তাদের দশক সেরা ওয়ানডে একাদশ। যে একাদশে রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। এমন স্বীকৃতি পেয়ে উচ্ছ্বসিত সাকিব ধন্যবাদ জানিয়েছেন উইজডেনকে।

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে উইজডেনকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেন সাকিব। নিজের ভেরিফায়েড পেজে সাকিব লিখেছেন, ‘বিগত দশ বছরের ওয়ানডে ক্রিকেটের সেরা একাদশে আমাকে অন্তর্ভুক্ত করার জন্য উইজডেনকে জানাই ধন্যবাদ। সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি ক্রিকেট মাঠে আমার পরিশ্রম ও প্রচেষ্টাকে স্বীকৃতি দেয়ার জন্য। আশা করছি আরও বেশি উদ্দীপন ও পরিশ্রমের সাথে এই ধারা বজায় রাখতে সক্ষম হবো।’

সাকিব গত ১০ বছরে ১৩১ ওয়ানডে খেলেছেন। ৩৮.৮৭ গড়ে রান করেছেন ৪২৭৬। বল হাতে নিয়েছেন ১৭৭ উইকেট। গত দশকে একজন স্পিনার হিসেবে যা সর্বোচ্চ। গেল বিশ্বকাপেও দুর্দান্ত ছিলেন সাকিব। ৮৬.৫৭ গড়ে করেন ৬০৬। যা ইংল্যান্ড বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ স্কোর।

উইজডেনের দশক সেরা দল:

রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, জস বাটলার, মহেন্দ্র সিংহ ধোনি, সাকিব আল হাসান, লাসিথ মালিঙ্গা, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, ডেল স্টেইন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত