ঘোড়ামারা গ্রামের নটমণ্ডপে নাট্যোৎসব

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৯, ০৭:৫০ পিএম

পৌষের হিমেল সন্ধ্যায় বসে নাটক দেখা আর দিনভর চা-বাগান, লাউয়াছড়া বন, মাধবপুর লেকে ঘুরে বেড়ানো। এমন একটি আয়োজনের আমন্ত্রণ জানিয়েছে মণিপুরি থিয়েটার। ২৫-২৭ ডিসেম্বর তিন দিনব্যাপী নাট্য উৎসবের আয়োজন করেছে এ নাট্য সংগঠনটি। মৌলভীবাজার জেলার কমলগঞ্জে থানার ঘোড়ামারা গ্রামে মণিপুরি থিয়েটারের নিজস্ব নটমণ্ডপে শুরু হবে এ নাট্যোৎসব।

টানা তিন দিন মণিপুরি থিয়েটারের ‘ও মন পাহিয়া’ নাটকের ৫টি প্রদর্শনী হবে। আফ্রিকান গল্পকার মিআ কোউতো’র ‘দ্য বার্ড অব গড’ নামের একটি ছোট গল্প থেকে নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা।

নাট্যকার বলেন, ‘মনপাহিয়া মানে মনপাখি। আমাদের ভেতরকার যে পাখিটাকে আমরা প্রতিদিন গলা টিপে ধরছি, তারই বেদনার্ত মুক্তির গান। মানুষেরই দাম নেই দুনিয়ায়, অথচ এখানে একটা পাখির জন্য অবিরল অশ্রু আর রক্তক্ষরণ। মানুষকে ভাবাতে পারে নতুন করে।’

মণিপুরি থিয়েটারের সাধারণ সম্পাদক জ্যোতি সিনহা বলেন, ‘ভ্রমণপিপাসু মনটাকে নিয়ে চলে আসুন পর্যটনের জেলা চা কন্যা মৌলভীবাজারের সবুজ ভুবনে। দেশের যে-কোনো প্রান্ত থেকে অনায়াসে বাসে বা ট্রেনে করে আসতে পারেন শ্রীমঙ্গল উপজেলায়, তারপর সিএনজি বা বাসে করে কমলগঞ্জ উপজেলায়। খুব সস্তায় থাকতে পারেন হোটেল বা বাংলোতে, দিনভর চা বাগান, লেক, মণিপুরি জীবনাচার দেখতে দেখতে বিকেলে বা সন্ধ্যায় চলে আসবেন মণিপুরি থিয়েটারের নাটক দেখতে নটমণ্ডপে।’

'ও মন পাহিয়া' নাটকটির সময়সীমা ৭০ মিনিট। ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬ টা, ২৬ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টা ও সন্ধ্যা সাড়ে ৬টায় এবং ২৭ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টা ও সন্ধ্যা সাড়ে ৬টায় নাটকটির প্রদর্শনী হবে।

টিকিটমূল্য : ৫০/১০০/২০০/৩০০ টাকা। শো'র আগে কাউন্টারে পাওয়া যাবে টিকিট। এ ছাড়া ০১৭৩৭৭৮৮৫১৫, ০১৭৪২৯৭২৬২৭ এই নম্বরে ফোন করে আগাম বুকিং দেওয়া যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত