লিটনের ফিফটি, হেসে খেলে জিতল রাজশাহী

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৯, ১০:০৭ পিএম

আন্দ্রে রাসেলের বোলিং তোপে বড় স্কোর গড়তে পারেনি খুলনা টাইগার্স। ১৪৫ রানের মধ্যেই তাদের বেঁধে রাখে রাজশাহী রয়্যালস। চট্টগ্রামের উইকেট বিবেচনায় যে পুঁজি আসলে কিছুই নয়। ছোট্ট লক্ষ্য তাড়া করতে নেমে ফিফটি তুলে নিলেন ওপেনার লিটন দাস। রাজশাহী জিতল হেসে খেলেই।

সোমবার বঙ্গবন্ধু বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে খুলনাকে ৭ উইকেটে হারায় রাজশাহী।

টস হেরে আগে ব্যাট করতে নেমে শামসুর রহমান শুভর ফিফটিতে ৯ উইকেটে ১৪৫ রান করেছিল খুলনা। যা ২ ওভার হাতে রেখে পেরিয়ে গেছে রাজশাহী।

চট্টগ্রামেই নিজেদের ঠিক আগের ম্যাচে এই খুলনার বিপক্ষে ১৮৯ রান করেও হেরেছিল রাজশাহী। যে হারের দারুণ এক প্রতিশোধই নিল দলটি।

লিটন দাস ও আফিফ হোসেন উদ্বোধনী জুটিতেই দলকে জয়ের ভিত দিয়ে যান। ৮.৫ ওভারে এই দুজন যোগ করেন ৭৫ রান। ১৮ বলে ২২ করে আফিফ রান আউট হয়ে জুটি ভাঙে।

তবে লিটন তুলে নেন ফিফটি। ৩৮ বলে আসরে নিজের প্রথম ফিফটি পূরণ করেন তিনি। শহিদুল ইসলামের শিকার হয়ে ফেরার আগে লিটন ৪৪ বলে ৫৮ রান করেন ৫ চার ও ২ ছক্কায়।

এরপর শুধু শোয়েব মালিকের (১৯ বলে ১৬) উইকেট হারিয়েছে রাজশাহী। আন্দ্রে রাসেল ও রবি বোপারা বাকি কাজ শেষ করেন। রাসেল ১৯ বলে ৩ চার ও ১ ছক্কায় অপরাজিত ২৮ রান করেন। বোপারা ৮ বলে ২ চারে ১৩ রানে অপরাজিত ছিলেন। খুলনার পক্ষে ১টি করে উইকেট নিয়েছেন রবি ফ্রাইলিং ও শহিদুল ইসলাম।

এর আগে ব্যাট করতে নেমে মাত্র ৬০ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে খুলনা। সেখান থেকে শুভ ৪৬ বলে ৫৫ রানের ইনিংস খেলেন। ৪টি চারের সঙ্গে মারেন ১ ছক্কা। রবি ফ্রাইলিঙ্ক ২৬ বলে ২ চার ও ১ ছক্কায় করেন ৩১ রান। তাতেই প্রায় দেড় শ ছোঁয়া পুঁজি পায় খুলনা।

মুশফিকুর রহিম এদিন ব্যর্থ ছিলেন। ১২ বলে মাত্র ১ রান করেন তিনি। তবে রাইলি রুশো করেন ২৪ বলে ৩৫ রান। ৫ চারের সঙ্গে ১টি ছক্কা হাঁকান তিনি।

রাজশাহীর পক্ষে আন্দ্রে রাসেল সর্বাধিক ৪ উইকেট নেন। শামসুরের উইকেটসহ দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ, মেহেদী হাসান মিরাজ ও শহীদুল ইসলামের উইকেট নিয়েছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। ২টি করে উইকেট নেন রবি বোপারা ও কামরুল ইসলাম রাব্বি। দারুণ বোলিং নৈপুণ্যের জন্য ম্যাচসেরা হয়েছেন আন্দ্রে রাসেল।

এই জয়ে খুলনাকে তিনে ঠেলে দুই নম্বরে ওঠে এসেছে রাজশাহী। ৪ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট তাদের। অন্যদিকে এক ম্যাচ বেশি খেলে ৩ জয় ও ২ হারে ৬ পয়েন্ট খুলনার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত