ভিপিকে আলাদা করে নিরাপত্তা দেওয়ার কিছু নেই : উপাচার্য

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ০৩:৫৪ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আলাদাভাবে নিরাপত্তা দেওয়ার প্রয়োজন নেই  দাবি করে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, ছাত্র প্রতিনিধি ও শিক্ষকদের নৈতিকতা-মানবিকতাই সব থেকে বড় নিরাপত্তা। ছাত্র প্রতিনিধি নিজেই একটা শক্তি। আলাদা করে তাকে নিরাপত্তা দেওয়ার কিছু নেই। গতকাল সোমবার সন্ধ্যায় দেশ রূপান্তরকে এসব কথা বলেন উপাচার্য। অধ্যাপক আখতারুজ্জামান

বলেন, যদি কেউ আক্রমণ করে তাহলে নিরাপত্তার জন্য বিভিন্ন বাহিনী আছে। তারা নিরাপত্তা প্রদান করবে। তবে সব থেকে বড় বিষয় হলো যারা বিভিন্ন পর্যায়ে প্রতিনিধিত্ব করছে, তাদের নৈতিকার শক্তিই বড় শক্তি।

নুরুল হকের ওপর হামলার প্রতিবাদে ডাকা বিক্ষোভ সমাবেশ থেকে শিক্ষার্থীরা ভিপিকে নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগ এনে উপাচার্যের পদত্যাগ দাবি করেছেন। এ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করলে আখতারুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয় পরিবারের প্রতিটি সদস্যের নিরাপত্তা দেওয়াই আমাদের সবার দায়িত্ব। যেমন দায়িত্ব আমার তোমার সবার। সবার প্রতি আমার আহ্বান দায়িত্বশীল আচরণ করার। কোনো ধরনের সহিংসতায় জড়ানো নৈতিক কাজ নয়। সবাইকে নৈতিকভাবে চলাফেরা করতে হবে, সহিংসতা পরিহার করে চলতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত