শূন্য রানে উইকেট হারালেও খেই হারায়নি সিলেট থান্ডার। জনসন চার্লস ও মোহাম্মদ মিঠুনের ব্যাটিং ঝড়ের পর রান পান রাদারফোর্ড। তাতে নির্ধারিত ওভার শেষে ঢাকা প্লাটুনের বিপক্ষে বিশাল সংগ্রহ পেয়েছে সিলেট।
বঙ্গবন্ধু বিপিএল’র চট্টগ্রাম পর্বের শেষ দিনের প্রথম ম্যাচটিতে ঢাকার বোলারদের তুলাধুনা করে ২০ ওভারে ৪ উইকেটে ১৭৪ রানের সংগ্রহ পায় টসে জেতা মোসাদ্দেক হোসেনের দল।
শূন্য রানে প্রথম উইকেট হারানো সিলেটকে দ্বিতীয় উইকেটে বড় সংগ্রহের ভিত এনে দেন আব্দুল মজিদ ও চার্লস জুটি। ৫১ রান আসে এই জুটিতে। তাতে অবদান তিন নম্বরে নামা চার্লসেরই। শাদাবের খানের বলে আসিফ আলিকে ক্যাচ দেওয়ার আগে ৪৫ বলে তিন চার ও আট ছক্কায় ৭৩ রান করেন উইন্ডিজ এই ব্যাটসম্যান।
অসাধারণ ব্যাট করেছেন মিঠুন। ৩১ বলে এক চার ও চার ছক্কায় অপরাজিত ৪৯ রান করেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। ২৮ বলে তিন চার ও দুই ছক্কায় ৩৮ রানে অপরাজিত থাকেন আরেক ক্যারিবীয় ব্যাটসম্যান রাদারফোর্ড।
ঢাকার বোলারদের মধ্যে ২৬ রানে ২ উইকেট নেন শহীদ আফ্রিদি।
একই ভেন্যুতে নিজেদের সবশেষ ম্যাচে খুলনা টাইগার্সকে ৮০ রানে হারায় সিলেট। তবে পয়েন্ট টেবিলে উন্নতি নেই দলটির। পাঁচ ম্যাচের মধ্যে মাত্র এক জয়ে ২ পয়েন্ট নিয়ে সাত দলের মধ্যে ষষ্ঠস্থানে আছে সিলেট।
আগের ম্যাচে জয় পাওয়ার আত্মবিশ্বাস কাজে লাগিয়ে ঢাকাকেও হারাতে চায় তারা। যদিও ঢাকার মাঠে মাশরাফী বিন মোর্ত্তজার ঢাকার কাছে ২৪ রানে হেরেছিল দলটি।
