কেরালার জনপ্রিয় টিভি অভিনেত্রী জাগী জন আর নেই। নিজ বাড়ির রান্নাঘর থেকে পাওয়া গেছে জাগী জনের লাশ। জানা যায়, কেরালার কুরাভানকোনামে মায়ের সঙ্গে থাকতেন জাগী জন।
কীভাবে জাগী জনের মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি। তবে সোমবার সন্ধ্যায় তার লাশ পাওয়া গেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
টেলিভিশন অভিনেত্রী হিসেবে বেশ সুনাম কুড়িয়েছিলেন জাগী জন। এ ছাড়াও তার রান্নার শোর ‘জাগী’স কুকবুক’ও ভীষণ জনপ্রিয়। মডেলিংও করতেন তিনি।
ফেসবুক, ইনস্টাগ্রামসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সরব ছিলেন জাগী জন। সম্প্রতি তার বেশ কয়েকটি ভিডিও প্রকাশ্যে আসে ইনস্টাগ্রামের মাধ্যমে। গত ২ দিন আগেও ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করেন জাগি জন।
এদিকে জাগী জনের মৃত্যু নিয়ে তৈরি হয়েছে নানা ধোঁয়াশা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শিগগিরই আসল ঘটনা বেরিয়ে আসবে বলে জানিয়েছে পুলিশ।
