বড়দিনের আয়োজন

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ১১:৪১ পিএম

খ্রিস্টানদের ধর্মীয় উৎসব বড়দিন বাংলাদেশে বিশেষভাবে পালন করা হয়। দেশীয় টেভি চ্যানেলগুলোতে এ উপলক্ষে প্রচার করা হয় বিশেষ অনুষ্ঠানমালা। এছাড়াও থাকে নানা আয়োজন। এবারের বড়দিনের কিছু আয়োজন তুলে ধরা হলো-

নাটক ‘যে জীবন জীবনের’

গোলাম রাব্বানীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন জয়ন্ত রোজারিও। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শম্পা রেজা, এফ এস নাঈম, নাদিয়া নদী, অ্যান্থনি প্রমুখ। সম্প্রতি কলাকুপা বান্দুরায় নাটকটির শু¨টিং হয়েছে। যিশুখ্রিস্টের জীবনের দর্শন ও মানবতা এ নাটকের মূল ফোকাস পয়েন্ট। বড়দিন উপলক্ষে হলেও এ নাটকটি সকল ধর্মের মানুষেরই গল্প। জীবনের গল্প। আজ রাত ৯টায় নাটকটি দেশ টিভিতে প্রচার হবে।

ডকুফিল্ম ‘যিশু এসেছিল, আসবেন’

নির্মাতা কামরুল হাসান নাসিম কাহিনীচিত্রের আদলে যিশুখ্রিস্টের আগমন ও তার পুনরাগমনের বার্তাকে উপজীব্য করে নির্মিত এই ডকুফিল্মটিতে তার জীবন, আদর্শ ও বাণী ফুটিয়ে তোলা হয়েছে। আজ মাই টিভিতে বেলা ১১টা ১৫ মিনিটে প্রচারিত হবে এটি। ৩৩ মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্রটিতে যিশুখ্রিস্টের চরিত্রে অভিনয় করেছেন রুদ্র হক। শাসক পিলাত এবং হেরোদের ভূমিকায় তাওহীদ ইসলাম এবং জয়ন্ত চট্টোপাধ্যায়। সর্বকালের শ্রেষ্ঠ নারী হিসেবে আদৃত মাদার ম্যারির ভূমিকায় রূপদান করেছেন মৌটুসি বিশ্বাস।

বাংলাভিশনের আয়োজন

বড়দিন উপলক্ষে বাংলাভিশনের ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক ক্লাব’-এ আজকের অতিথি সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। সম্প্রচারিত হবে রাত ১১টা ২৫মিনিটে। আর বিশেষ অনুষ্ঠান ‘প্রভু যিশুর শুভাগমন’ প্রচার হবে সন্ধ্যা ৬টা ৩০মিনিটে। কল্যাণ কোরাইয়া’র সঞ্চালনায় অতিথি হয়েছেন ফাদার জেমস্‌ শ্যামল গমেজ, সিএসসি; এবং ভিক্টর গোমেজ (সেফ)।

খালিদের দুই গান

বড়দিন উপলক্ষে দুটি গান লিখেছেন কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ। ‘বড়দিন বড়দিন শুভ বড়দিন’ গানটির সুর দিয়েছেন আতিকুর রোমান। কণ্ঠ দিয়েছেন পুতুল। ‘আজকে বড়দিন’ গানটির সুরারোপ করেছেন প্রয়াত জনপ্রিয় সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। গানটিতে কণ্ঠ দিয়েছেন মেহেদি হাসান এবং স্মরণ। গান দু’টি গীতিকারের ‘খালিদসংগীত ডটকম’ ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত