নতুন কমিটি নিয়ে ছাত্রদলে ক্ষোভ বিক্ষোভ, হুমকি

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ০২:১৬ এএম

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত ৬০ সদস্যের আংশিক কমিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার আহ্বায়ক কমিটি ঘোষণার পর অসন্তোষ বিরাজ করছে সংগঠনটিতে। এ দুই কমিটিতে পদ না পাওয়া বিক্ষুব্ধ নেতাকর্মীরা ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের নেতাদের অবাঞ্ছিত ঘোষণা করেছেন। পাশাপাশি তাদের প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়েছে।

সদ্য বিলুপ্ত ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দেশ রূপান্তরকে বলেন, যেখানে নতুন কমিটি গঠনের মাধ্যমে ছাত্রদলে ঐক্য প্রতিষ্ঠা করার কথা সেখানে নতুন দুই কমিটি ঘোষণা করে ঐক্যের পথে বাধা সৃষ্টি করা হয়েছে। তাই ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সদ্য ঘোষিত আংশিক কমিটি ও ঢাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটিকে ঢাবি ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

ঢাবি ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণার বিষয়ে জানতে চাইলে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন গতকাল দেশ রূপান্তরকে বলেন, ছাত্রদল একটা বিশাল সংগঠন। কমিটি ঘোষণা হলে নেতাকর্মীদের মধ্যে কিছু ক্ষোভ-বিক্ষোভের সৃষ্টি হয়। এগুলো কিছু নয়। যারা বিক্ষুব্ধ হয়েছে তাদের সঙ্গে আলাপ-আলোচনা করে সমস্যার সমাধান করা হবে।

গত ২০ ডিসেম্বর রাতে ছাত্রদলের ৬০ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। গত ১৮ সেপ্টেম্বর ছাত্রদলের ষষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিলে সরাসরি ভোটে সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল নির্বাচিত হন। এরপর তিন মাস পর গত শুক্রবার রাতে ৬০ সদস্যের ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।

গত সোমবার রাত সাড়ে ৪টায় গণমাধ্যমে পাঠানো হয় ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটি। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক ঢাবি শাখা ছাত্রদলের বর্তমান কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তা বাতিল করে রাকিবুল ইসলাম রাকিবকে আহ্বায়ক ও মো. আমানউল্লাহ আমানকে সদস্য সচিব করে ৯১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবনির্বাচিত নেতাদের আগামী এক মাসের মধ্যে অধীনস্ত সব ইউনিট কমিটি গঠন করে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কাছে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল বিকেলে মধুর ক্যান্টিনে বিক্ষুব্ধরা সংবাদ সম্মেলন করেন। এ সময় তারা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত আংশিক কমিটির নেতাদের পাশাপাশি ছাত্রদল ঢাবি শাখার নেতাদের ঢাকা বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। একই সঙ্গে নতুন করে কমিটি গঠনের দাবি জানিয়েছেন তারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সদ্য সাবেক ঢাবি শাখার সভাপতি মেহেদী আল তালুকদার, বিগত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যোগাযোগবিষয়ক সহ-সম্পাদক মাহমুদুল আলম শাহীন, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নাদিয়া পাঠান পাপন, সহ-সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সাবেক অর্থবিষয়ক সম্পাদক শিহাবুর রহমান, নির্বাহী কমিটির সদস্য এরশাদ খান, সাবেক সাংগঠনিক সম্পাদক কারিমুল হাই নাঈম, বর্তমান কমিটির সহ-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম মাহবুব, ঢাবি গত কমিটির যুগ্ম সম্পাদক ঢাবি শাখার শহীদ মল্লিক প্রমুখ।

এর আগে গত সোমবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকান ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের কুশপুত্তলিকা দাহ করেছেন বিক্ষুব্ধরা। এছাড়া বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের চতুর্থ তলায় ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছিলেন তারা।

এদিকে ঢাবি শাখা ছাত্রদলের কমিটি ঘোষণার পর গতকাল সকাল থেকেই বিক্ষুব্ধ ছাত্রদল নেতারা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভিড় করেন। তারা কার্যালয়ের তৃতীয় তলায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে অভিযোগ করে বলেন, একতরফাভাবে একটি পক্ষের নেতাদের সমন্বয়ে ঢাবি শাখা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটি আমরা মানি না। অবিলম্বে এ কমিটি বাতিল করা না হলে নবনির্বাচিত ঢাবি শাখা ছাত্রদলের নেতাদের ঢাবি ক্যাম্পাসে প্রতিহত করা হবে।

ছাত্রদলের বিগত কমিটির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজউদ্দিন ভূঁইয়া ঘোষিত ঢাবি কমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, যারা আছেন তাদের নিয়ে কোনো ক্ষোভ নেই। কিছু নেতাকর্মীকে বাদ দেওয়া হয়েছে। দলের এই ক্রাইসিস সময়ে এরা সংগঠনের পক্ষে কাজ করেছেন। ছাত্রলীগের হাতে মার খেয়েছেন। হলে থাকতে পারছেন না। আহ্বায়ক কমিটির সদস্য সংখ্যা আরও কিছু বাড়িয়ে এসব নেতাকর্মীকে জায়গা করে দেওয়া যেতে পারে।

জিয়ার সমাধিতে আজ শ্রদ্ধা জানাবেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতারা : ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণার পর আজ বুধবার সকাল ১০টায় বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত