আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় ঢাকা উত্তর ও দক্ষিন সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আজ বুধবার মনোনয়নপত্র বিতরণ শুরু করবে বিএনপি। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়া হবে।
গতকাল মঙ্গলবার মহানগর দক্ষিন বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু ও মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এ বি এম আবদুর রাজ্জাক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই সিটির নির্বাচনে কাউন্সিলর পদের দলীয় মনোনয়ন ফরম আজ বুধবার ২৫ ডিসেম্বর ও আগামীকাল বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিতরণ ও গ্রহণ করা হবে। কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী বিএনপি প্রার্থীদের যথাসময়ে নয়াপল্টনে মহানগর বিএনপি কার্যালয় থেকে (ভাসানী ভবন) দলীয় মনোনয়ন ফরম উত্তোলন ও জমাদানের জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দায়িত্বপ্রাপ্তরা জানিয়েছেন, আগামীকাল বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে বিএনপির মেয়র প্রার্থীদের মনোনয়নপত্র বিতরণ ও জমা নেওয়া হবে।
