সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগের জন্য চ‚ড়ান্তভাবে ১৮ হাজার ১৪৭ জন মনোনীত হয়েছেন। লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এদের নিয়োগের জন্য মনোনীত করা হয়েছে বলে মঙ্গলবার রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বদরুল হাসান বাবুল গতকাল রাত ৯টার দিকে দেশ রূপান্তরকে জানান, পাস করা প্রার্থীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এ ছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ ফল পাওয়া যাবে।
এর আগে গত বছরের ৩০ জুলাই সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরে ওই বছরের ১ থেকে ৩০ আগস্ট পর্যন্ত সারা দেশ থেকে ২৪ লাখ ৫ জন প্রার্থী আবেদন করেন। প্রথম ধাপে ২৪ মে, দ্বিতীয় ধাপে ৩১ মে, তৃতীয় ধাপে ২১ জুন এবং চতুর্থ ধাপে ২৮ জুন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
গত সেপ্টেম্বরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ লিখিত পরীক্ষায় ৫৫ হাজার ২৯৫ জন পাস করেন। গত ৬ অক্টোবর শুরু হয়ে ওই পাস করাদের মৌখিক পরীক্ষা চলে এক মাস ধরে। তাদের মধ্য থেকেই চূড়ান্তভাবে ১৮ হাজার ১৪৭ জন মনোনীত হয়েছেন।
