বুয়েটে র‌্যাগিং

বহিষ্কৃত ১০ জনকে পরীক্ষার অনুমতি

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ০২:৫৯ এএম

র‌্যাগিংয়ের অভিযোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বহিষ্কার হওয়া ১০ শিক্ষার্থীকে পরীক্ষার অনুমতি দিয়েছে হাইকোর্ট। শিক্ষার্থীদের পৃথক আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ শর্ত সাপেক্ষে তাদের পরীক্ষা দেওয়ার এ আদেশ দেয়। পাশাপাশি এ বিষয়ে রুল জারি করে আদালত। হাইকোর্ট বলেছে, রুল খারিজ হলে পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে না। এছাড়া মামলার চূড়ান্ত নিষ্পত্তির সময় র‌্যাগিংয়ে জড়িত থাকার অভিযোগ প্রমাণ হলে এই ১০ জনের পরীক্ষা বাতিল হয়ে যাবে। সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. নুর-উস-সাদিক দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।

যারা পরীক্ষার অনুমতি পেলেন তারা হলেন– মির্জা মোহাম্মদ গালিব, জাহিদুল ইসলাম, মুন্নাসির আহমেদ, আসিফ মাহমুদ, ইমতিয়াজ হোসেন, আনাফালুর রহমান, অর্ণব চৌধুরী, নাহিদ আহমেদ, তানভীর হাসনাইন ও মহিবুল্লাহ। তাদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী নাহিদ সুলতানা যুথি ও সাগুফতা তাবাসসুম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. নুর-উস-সাদিক। শুনানিতে আদালত জানতে চায় এরা বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার আসামি কি না। বুয়েটের পক্ষ থেকে জানানো হয় তারা আবরার হত্যার সঙ্গে সংশ্লিষ্ট নয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নুর-উস-সাদিক জানান, এই ১০ জনের বিরুদ্ধে তদন্ত করে র‌্যাগিংয়ের প্রমাণ পাওয়ায় প্রথমে বুয়েট থেকে তাদের সতর্ক করা হয়। দ্বিতীয় ধাপে ছয় মাসের জন্য হল থেকে ও সাত টার্ম পরীক্ষা থেকে বহিষ্কার করার পর তৃতীয় পর্যায়ে ১৮ ডিসেম্বর আজীবনের জন্য হল থেকে এবং সাত টার্ম পরীক্ষা থেকে বহিষ্কার করে বুয়েট কতৃপক্ষ। এরপর তারা অ্যাকাডেমিক কাউন্সিলে আপিল করলে তা নামঞ্জুর হয়। এরপর অ্যাকাডেমিক কাউন্সিলের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত