সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ও জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) বিরুদ্ধে ভারতজুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। এই বিক্ষোভে ইন্ধনের অভিযোগ এনে কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী ও তার মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে গত মঙ্গলবার মামলা হয়েছে। ভারতের উত্তরপ্রদেশের আলিগরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তারা
ছাড়াও অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলেমিনের নেতা আসুদুদ্দিন ওয়াইসি ও র্যামন ম্যাগসেসে পুরস্কার পাওয়া সাংবাদিক রাভিশ কুমারের বিরুদ্ধে এ মামলা করেন আইনজীবী প্রদীপ গুপ্ত। আদালত আগামী ২৪ জানুয়ারি এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছে বলে জানিয়েছে ইকোনমিক টাইমস।
এর আগে মঙ্গলবার উত্তরপ্রদেশের মেরঠ জেলায় নিহতদের স্বজনদের সঙ্গে দেখা করতে গেলে পুলিশ কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধীকে ফিরিয়ে দিয়েছিল।
এ ছাড়া তামিলনাড়–তে পুলিশের অনুমতি ছাড়া সিএএবিরোধী বিক্ষোভ করায় ডিএমকে পার্টির নেতা এম কে স্টালিনসহ প্রায় ৮ হাজার মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে।
মামলার পরও বিভিন্ন রাজ্যে গতকাল বুধবারও প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। এর মধ্যে রাজধানী দিল্লির মান্ডি হাউজে বিক্ষোভ থামাতে ১৪৪ ধারা জারি করা হয়। কিন্তু ১৪৪ ধারা ভেঙে বিক্ষোভ করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ ছাড়া জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের বাইরেও বিক্ষোভ অব্যাহত রয়েছে।
