ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ও জাতীয় নাগরিক নিবন্ধনের (এনআরসি) পক্ষে প্রচারে প্রখ্যাত চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের চলচ্চিত্রের দৃশ্য ব্যবহার করায় বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তার পরিবারের সদস্যরা।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, সম্প্রতি প্রচারে বিজেপির যুব সংগঠন জনতা যুব মোর্চা ঋত্বিক ঘটকের চলচ্চিত্র ‘মেঘে ঢাকা তারা’ ও ‘কোমল গান্ধার’-এর কিছু দৃশ্য ব্যবহার করেছে। আর এতে ক্ষুব্ধ প্রয়াত ঋত্বিকের পরিবারের সদস্যরা। তারা বিজেপির এ কাজের নিন্দা করেছেন।
ঋত্বিকের পরিবারের ২৪ জন সদস্য এ ঘটনার বিরোধিতা করে একটি চিঠি লিখেছেন। তারা বলেছেন, ‘এনআরসি
ও সিএএ-এর সমর্থনে ঋত্বিক ঘটকের চলচ্চিত্র ও রাজনীতির অপব্যবহারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তার চলচ্চিত্রের মূল নির্যাস বঞ্চিত মানুষের প্রতি গভীর সমবেদনা; বিশেষত সামাজিক ও রাজনৈতিক কারণে যারা উদ্বাস্তু ও প্রান্তিক হয়েছেন, তাদের জন্য।’
চিঠিতে বলা হয়েছে, ‘ঋত্বিক ঘটক ছিলেন আদ্যন্ত ধর্মনিরপেক্ষ ও মানবতাবাদী। তাকে যারা চিনতেন এবং তার লেখা ও চলচ্চিত্রের সঙ্গে পরিচিত, তারা তা জানেন। যে আইনের মাধ্যমে দেশের সাধারণ মানুষকে তাদের নাগরিক পরিচিতি নতুন করে প্রমাণ করতে হয়, সংখ্যালঘু সম্প্রদায়ের অগণিত মানুষকে রাষ্ট্র পরিচয়বিহীন করে দেওয়ার সম্ভাবনা রাখে, সেখানে ঋত্বিক ঘটকের ছবির ব্যবহার আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।’
ঋত্বিক পরিবারের ২৪ সদস্যের মধ্যে আছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, প্রকৃতি দেবী, পরমা ঘোষ ঘটক প্রমুখ।
ঋত্বিক ঘটক জন্মেছিলেন ঢাকায়, ১৯২৫ সালের ৪ নভেম্বর। আর মারা যান কলকাতায়, ১৯৭৬ সালের ৬ ফেব্রুয়ারি। ‘নাগরিক’, ‘কোমলগান্ধার’, ‘অযান্ত্রিক’, ‘মেঘে ঢাকা তারা’, ‘বাড়ি থেকে পালিয়ে’, ‘তিতাস একটি নদীর নাম’, ‘সুবর্ণরেখা’, ‘যুক্তিতর্ক আর গপ্পো’ ইত্যাদি ছবি তৈরি করে তিনি পেয়েছিলেন ভারতের রাষ্ট্রীয় সম্মান পদ্মশ্রী, জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বহু পুরস্কার।
