দুই মেহেদীতে মুগ্ধ বিসিবি সভাপতি

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ০৮:১৭ পিএম

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিবিপিএল) এখন পর্যন্ত বেশ কজন তরুণ আলাদা করে নজর করেছেন। বিশেষ করে অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান ও বাঁ-হাতি পেসার মেহেদী হাসান রানার কথা বলতে হবে আলাদা করে। সঙ্গে গতি দিয়ে মুগ্ধ করেছেন আরেক বাঁহাতি পেসার হাসান মাহমুদ। যাদের খেলা মনে ধরেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের।

বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সংবাদমাধ্যমের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন নাজমুল হাসান পাপন। এ সময় তিনি বিপিএলে তরুণ পারফরমারদের নিয়ে নিজের মুগ্ধতা প্রকাশ করেন। জানিয়েছেন, তরুণ পারফরমারদের এইচপিতে না ডেকে সরাসরি জাতীয় দলে ডাকা হবে।

ঢাকা প্লাটুনের অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান। শেষ দুই ম্যাচে তিন নম্বরে নেমে ‍যিনি ঝোড়ো দুটি ফিফটি হাঁকিয়েছেন। কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে ২৯ বলে ৫৯ রান করে ম্যাচসেরার পুরস্কার জেতেন। ঠিক পরের ম্যাচে সিলেট থান্ডারের বিপক্ষে খেলেন ২৮ বলে ৫৬ রানের ইনিংস। এবারও ম্যাচ সেরা তিনি।

মেহেদীকে নিয়ে বিসিবি প্রধানের বক্তব্য, ‘আপনারা দেখেন, মেহেদি হাসান সে মূলত একজন অফ স্পিনার। কিন্তু আমি তো দেখছি সে একজন ব্যাটসম্যান! ওকে যে প্রমোশন দিয়ে ওপরে নেওয়া হলো, এরপর সে ভালো খেলছে। টি-টোয়েন্টিতে আমাদের এমন একজন ক্রিকেটার সামনে তো লাগবেই। এটা এক নম্বর কথা। এখানে ধারাবাহিকতা অনেক গুরুত্বপূর্ণ।’

আরেক মেহেদী পেস বোলিংয়ে সবার নজর কেড়েছেন। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলা সেই মেহেদী রানা এখন পর্যন্ত ৫ ম্যাচে ১৩ উইকেট নিয়ে আসরের সবচেয়ে সফল বোলার। সঙ্গে হাসান মাহমুদও নজর কেড়েছেন।

যাদের নিয়ে বিসিবি সভাপতির মন্তব্য, ‘মেহেদি হাসান রানা ভালো বল করছে। হাসান মাহমুদ একজন সম্ভাবনাময় ক্রিকেটার। সে বেশ জোরে বল করতে পারে। আমি যেটা এখন পর্যন্ত জানি যে, চার-পাঁচ জন ক্রিকেটার আমাদের নজরে এসেছে।’

জাতীয় দলের কোচ রাসেল ডমিঙ্গো ছুটি কাটিয়ে ফেরার পর এই নজর কাড়াদের নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান পাপন। বলেন, ‘যে জিনিসটা আমরা ঠিক করেছি, কোচ আসার পরে, মানে এটা নিয়ে তো আলাদা করে এইচপি বা অন্য জায়গায় দিয়ে তো লাভ নেই। ওদেরকে জাতীয় দলের মধ্যে ক্যাম্পে ডেকে দেখা লাগবে। ওদের রেখে কীভাবে পরিচর্যা করা যায় সেটা আমরা পরিকল্পনা করব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত