‘চট্টগ্রাম কবিতার শহর’ শিরোনামে তৃতীয়বারের মতো শুরু হলো বর্ণিল কবিতা উৎসব। বৃহস্পতিবার বিকেলে নগরীর জেলা শিল্পকলা একাডেমি মুক্তমঞ্চে আবৃত্তি সংগঠন ‘তারুণ্যের উচ্ছ্বাস’ এ উৎসবের আয়োজন করে।
তিন দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন বরেণ্য কবি হেলাল হাফিজ। উদ্বোধনের পর ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় সদ্যপ্রয়াত সাংস্কৃতিক ব্যক্তিত্ব শান্তনু বিশ্বাসের প্রতিকৃতিতে। উৎসবটি উৎসর্গ করা হয়েছে তার স্মৃতির প্রতি।
সভায় বক্তারা বলেন, ‘কবিতা সব সময় সত্য ও সুন্দরের কথা বলে। কবিতার শক্তি অসাধারণ। আর কবিতার লাইনগুলো আবৃত্তিকাররা যখন সাধারণের কাছে তাদের কণ্ঠ দিয়ে তুলে ধরেন, তখন আসলে তারা শুধু কবিতাই নয়, সত্য ও সুন্দরকেও তুলে ধরেন।’
আয়োজক সংগঠনের সভাপতি কবি ভাগ্যধন বড়ুয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতাউর রহমান। বিশেষ অতিথি ছিলেন পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি ডা. একিউএম সিরাজুল ইসলাম, দ্রোহ ও সাম্যের কবি মোহন রায়হান প্রমুখ।
প্রথম দিনে আবৃত্তিতে অংশ নেন সঞ্জিব বড়ুয়া, শুভ্রা বিশ্বাস, মিলি চৌধুরী, আয়েশা হক শিমু, ফারুক তাহের, জেবুন নাহার শারমিন প্রমুখ। কবিতাপাঠ করেন আশীষ সেন, ইউসুফ মোহাম্মদ, এজাজ ইউসূফী, ফাউজুল কবির, বিজন মজুমদার, জিললুর রহমান ও সেলিনা শেলী প্রমুখ।
উৎসবের দ্বিতীয়দিন আজ থাকছে কবি-ছড়াকার-আবৃত্তিশিল্পী-সংস্কৃতিকর্মী সম্মিলন, একক ও বৃন্দ আবৃত্তি, কবিতাপাঠ ও ছড়াপাঠ। বিকেলে হবে কবিতার মিছিল শিরোনামের শোভাযাত্রা। এরপর রয়েছে ‘তারুণ্যের উচ্ছ্বাসের সমৃদ্ধ পথচলার একযুগ’ শিরোনামের কথামালা।
