টিসিবির পেঁয়াজে আগ্রহ কমেছে ভোক্তার

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৯, ০২:৩৬ এএম

দাম কম ও চাহিদামতো কেনা গেলেও ঢাকায় সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পেঁয়াজের ক্রেতা কমেছে। ক্রেতাদের ভাষ্য, টিসিবির পেঁয়াজ দ্রুত পচে যায়, স্বাদও ভালো নয়। আর বাজারে পেঁয়াজের দাম আগের চেয়ে কম। এসব কারণে টিসিবির পেঁয়াজে আগ্রহ কমেছে ভোক্তাদের।

টিসিবির পেঁয়াজ কেজিপ্রতি ১০ টাকা কমে এখন ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। আগে নির্দিষ্ট পরিমাণ বিক্রি হলেও এখন চাহিদামতো কেনার সুযোগ রয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় ৫০টি ট্রাকে প্রতিদিন বিক্রির জন্য তিন টন করে পেঁয়াজ বরাদ্দ থাকছে। কিন্তু গতকাল অধিকাংশ স্থানেই ডিলারদের ট্রাকে বিক্রয়কর্মীদের অলস সময় পার করতে দেখা গেছে। আগের মতো দীর্ঘ লাইন তো দূরের কথা ক্রেতা আসছেন অনেক সময় পরপর।

আজিমপুরের পিলখানা সড়কে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সামনে গতকাল দুপুরে টিসিবির পেঁয়াজ বিক্রির ট্রাক থাকলেও ক্রেতার চাপ ছিল না। খোরশেদ আলম নামের এক বিক্রয়কর্মী জানান, এখন বিক্রি আগের মতো হয় না। সকালে ও রাতে বিক্রি কিছুটা বাড়ে। বাকি সময় চাপ একদম থাকে না। দীর্ঘক্ষণ পর ক্রেতার দেখা মেলে। ক্রেতা খাদিজাতুল কোবরা জানান, টিসিবির পেঁয়াজ এখন চাহিদামতো কেনা যাচ্ছে। আর বাজারেও দাম কমেছে। তাই ট্রাক থেকে কম কিনি। সন্দীপ রায় নামের এক ক্রেতা জানান, টিসিবির পেঁয়াজ দ্রুত পচে। স্বাদেও তেমন ভালো নয়। তবে বাজারে দাম বেশি থাকায় আগে টিসিবির পেঁয়াজ কিনতে বিশাল লাইন দেখা যেত।

রাজধানীর প্রেস ক্লাবের সামনে টিসিবির ট্রাকেও ক্রেতার চাপ গতকাল দেখা যায়নি। টিসিবির পেঁয়াজের মান নিয়ে জানতে চাইলে ডিলার আনোয়ার হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘এই পেঁয়াজগুলো শীতাতপনিয়ন্ত্রিত বিমানে আসে। ফলে স্বাভাবিক তাপমাত্রায় বেশি দিন রাখা যাচ্ছে না, দ্রুত পচছে। তবে ক্রেতারা ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত টিসিবির এই কার্যক্রম চলবে।’

 গতকাল রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, টিসিবি যে মানের পেঁয়াজ বিক্রি করছে সেগুলো বাজারে বিক্রি হচ্ছে ৫০-৫৫ টাকা। কারওয়ান বাজারে তা পাইকারিতে বিক্রি হচ্ছে ৪৩-৪৫ টাকা দরে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত