সিরাজদিখানে বৃষ্টিতে পণ্ড সাধুসঙ্গ

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ০১:১৫ এএম

মুন্সীগঞ্জের সিরাজদিখানে গত বৃহস্পতিবার মধ্যরাতের বৃষ্টিতে পণ্ড হয়েছে ফকির লালন শাহ সাধুসঙ্গ আসর। এ ঘটনায় দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আসর ত্যাগ করেছেন বাউল শিল্পীরা। এর আগে বিকেল থেকেই ইছামতির তীরে দোসরপাড়া টেকেরহাট বটতলা পদ্মহেম ধাম হয়ে ওঠে উৎসবমুখর। সন্ধ্যা নাগাদ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে আসর। রাত ৮টা থেকে শুরু হয় লালন গীতি। ভারতের লালন সংগীত শিল্পী ইলামা বাউল ও তার মেয়ে আউশি বাউলের কণ্ঠে লালন বন্দনার মধ্য দিয়ে মূল আসর শুরু হয়। একের পর এক শিল্পীদের কণ্ঠে লালন গান পরিবেশনে আসর জমে ওঠে। রাত যত বাড়তে থাকে, তীব্র শীত উপেক্ষা করে আসর স্থলে ভক্তকুলের সমাগম তত বাড়তে থাকে। তবে মধ্যরাত সাড়ে ১২টার দিকে বৃষ্টি নামলে মূল আসর ভেঙে যায়।

দোসরপাড়া টেকেরহাট বটতলা পদ্মহেম ধামের সাধারণ সম্পাদক ও মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি রাসেল মাহমুদ জানান, এবারের আসরে বাউল দরবেশ নহীর শাহ, সামছুল ফকির, মহরম শাহ, টুনটুন বাউল, ইলামা বাউল, আউশি বাউল, আরিফ বাউল, তকবির বাউল উপস্থিত ছিলেন। এদের মধ্যে অনেকেই গান গেয়েছেন। তবে বেশিরভাগ বাউল শিল্পী আসরের মঞ্চে গাইতে পারেননি। কেননা মধ্যরাতের বৃষ্টিতে আসর ভ-ুল হয়ে যায়। তিনি আরও জানান, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি প্রধান অতিথি হিসেবে লালন শাহ সাধুসঙ্গ উদ্বোধন করেন। রাতভর আসরে লালন বন্দনা চলে শুক্রবার বিকেল পর্যন্ত হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে মধ্যরাতেই ভেসে যায় সাধুসঙ্গের মূল আসর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত