২০০৯ সালের স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে আজীবন ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন। এরপর থেকে আর ক্রিকেট সংক্রান্ত কিছুতেই দেখা যায় না দানিশ কানেরিয়াকে। এতদিনে হয়ত ক্রিকেটের বাইরে থাকতে থাকতে একটা একঘেয়েমি ধরে গেছে এই সাবেক ক্রিকেটারের। এছাড়া জীবনটাও এখন হয়তো স্বচ্ছন্দে চলছে না। তাই সব পথ হারিয়ে পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের দ্বারস্থ হলেন কানেরিয়া।
সঠিক কোন অবস্থার উন্নতি চেয়ে সাহায্য চেয়েছেন তা অবশ্য নিশ্চিত নয়। কানেরিয়া শুধু উল্লেখ করেছেন, ‘ভালো নেই আমি।’ ইমরান খানের কাছে সাহায্য চাওয়া ছাড়াও পাকিস্তান বোর্ড সংশ্লিষ্ট অনেকের কাছে গিয়েও ফিরে আসতে হয়েছে কানেরিয়াকে। সেই দুঃখের কথা জানিয়ে এই ক্রিকেটার বলেন, ‘আমার জীবন ভালো নেই। আমি পাকিস্তানের অনেকের কাছে গিয়েছি, এমনকি পাকিস্তানের বাইরের অনেকের কাছে গিয়েছি নিজের অবস্থার উন্নতির জন্য। কিন্তু আমি কোনো সাহায্য পাইনি। পাকিস্তানের অনেক ক্রিকেটারের সমস্যা চুকে গেছে। আমি পাকিস্তানের জন্য একজন ক্রিকেটার হিসেবে অনেক দিয়েছি, এজন্য আমি গর্বিত। এবার ফেরত পাওয়ার সময়ে আমি জীবনের এই কঠিন সমস্যা থেকে পরিত্রাণের জন্য পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান দয়া করে এগিয়ে আসুন।’
