গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া আ. লীগের চ্যালেঞ্জ: কাদের

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ০৩:০৮ পিএম

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া আওয়ামী লীগের চ্যালেঞ্জ।

শনিবার ধানমন্ডি- ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, দলকে সরকার থেকে আলাদা করার কাজ চলছে । আওয়ামী লীগ মনে করে দল শক্তিশালী হলে সরকারও শক্তিশালী হবে।

সেতুমন্ত্রী বলেন, আমরা ঘরে ঘরে একজনের চাকরি নিশ্চিত করতে চাই।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনী সুষ্ঠু পরিবেশ নিয়ে বিএনপির অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, অভিযোগ করাই হলো বিএনপি’র কাজ। সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হবে। এটা জেনেও তারা অভিযোগ করছে।

ডিজিটাল যুগে ইভিএম ব্যবহারের যৌক্তিকতা রয়েছে উল্লেখ করে কাদের বলেন, পার্শ্ববর্তী দেশ ভারতে অনেক বিতর্কের পরও নির্বাচন হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিন দিয়ে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সফর আপাতত স্থগিত করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, নবগঠিত কমিটির যৌথসভা ৩ জানুয়ারি ২৩ বঙ্গবন্ধু এভিনিউ অনুষ্ঠিত হবে। ওই দিনই সিদ্ধান্ত হবে টুঙ্গিপাড়া সফর কবে হবে।

এ সময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মোজাফ্ফর হোসেন পল্টু, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কর্ণেল (অব) মুহম্মদ ফারুক খান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত