খুলনাকে ১৫৮ রানের টার্গেট দিল সিলেট

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ০৮:৫৬ পিএম

ওপেনিং জুটিতে বড় সংগ্রহের আভাস দিয়েও তেমন কিছু ঘটাতে পারল না সিলেট থান্ডার। খুলনা টাইগার্সের বিপক্ষে গড়পড়তা সংগ্রহ পেয়েছে দলটি।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার দ্বিতীয় ম্যাচে খুলনাকে জয়ের জন্য ১৫৮ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে সিলেট।

দলকে দারুণ শুরু এনে দেন আন্ড্রে ফ্লেচার ও রুবেল মিয়ার ওপেনিং জুটি। দলীয় ৬২ রানে এই জুটিতে ফাটল ধরান খুলনার জিম্বাবুয়ের পেসার রবি ফ্রাইলিঙ্ক। উইকেট ছাড়ার আগে ২৪ বলে চার চার ও দুই ছক্কায় ৩৭ রানের ইনিংস খেলেন ফ্লেচার।

দ্বিতীয় উইকেটে জনসন চার্লসকে সঙ্গী করে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন রুবেল মিয়া। ৩৯ রানের জুটি গড়ে ফেরেন চার্লস (১৭)। দলীয় ১০৩ রানে উইকেট ছাড়া হন রুবেল। এর আগে ৪৪ বলে দুই চার ও এক ছক্কায় ৩৯ রানের ধীরস্থির এক ইনিংস খেলেন দেশীয় এই ক্রিকেটার।

অন্যদের মধ্যে শেরফান রাদারফোর্ড অপরাজিত থেকে ২০ বলে ২৬ ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন ১৮ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন।

খুলনার বোলারদের মধ্যে দুটি করে উইকেট নেন ফ্রাইলিঙ্ক ও শহিদুল ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত