এখনো দুই অঙ্কে সুদহার

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ১১:৫৩ পিএম

অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রীসহ সরকারের নীতিনির্ধারকরা বারবার ব্যাংকঋণের সুদের হার এক অঙ্কে নামানোর কথা বললেও তা কার্যকর হয়নি। সবশেষ আগামী ১ জানুয়ারি থেকে শিল্প খাতের ঋণে এক অঙ্কের সুদহার কার্যকর করার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। পরে অর্থমন্ত্রী স্বীকার করেছেন, ঋণখেলাপিদের বিশেষ সুবিধা দেওয়ার নীতিমালা জারির পর অনেক ভালো ঋণগ্রহীতাও ঋণ পরিশোধ করছেন না। তারাও খেলাপি হয়ে যাচ্ছেন।

গত জানুয়ারিতে নতুন সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব নিয়ে আ হ ম মুস্তফা কামাল এক অঙ্কের সুদহার কার্যকর করার কথা বারবার বলেছেন। চলতি অর্থবছরের বাজেট বক্তব্যেও বলা আছে বিষয়টি। কিন্তু সুদহার এক অঙ্কে নামেনি। বরং আমানত সংকটের কথা বলে বিভিন্ন বেসরকারি ব্যাংক সুদহার আরও বাড়িয়েছে।

এ অবস্থায় আগামী ১ জানুয়ারি থেকে সব ঋণের বদলে শুধু শিল্প খাতে ব্যাংকঋণের সুদহার এক অঙ্কে নামিয়ে আনার কথা জানান মন্ত্রী। এজন্য গত নভেম্বর মাসে একটি কমিটি গঠনের ঘোষণা দেন অর্থমন্ত্রী। ঘোষণা অনুযায়ী গত ১ ডিসেম্বর কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে শিল্প খাতে ব্যাংকঋণের সুদহার এক অঙ্কে নামিয়ে আনার সিদ্ধান্ত অনুমোদন পেয়েছে বলে দেশ রূপান্তরকে জানিয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। এখনো এ বিষয়ে কোনো সার্কুলার  জারি না করেও আজ-কালের মধ্যেই তা হবে বলে জানা গেছে। এতে ব্যবসায়ীরা খুশি হয়েছেন। তারা মনে করছেন, এর ফলে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়বে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত