তিতুমীর কলেজে গণপূর্তমন্ত্রী

মূল্যবোধের অবক্ষয় থেকে জাতিকে ফেরাতে হবে

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ০২:০৮ এএম

দেশের অর্থনৈতিক মুক্তি অনেকটাই অর্জিত হলেও নৈতিকতা ও মূল্যবোধের মুক্তি কাক্সিক্ষত জায়গায় পৌঁছতে পারেনি বলে মনে করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। গতকাল শনিবার রাজধানীর সরকারি তিতুমীর কলেজের ৫০ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত পুনর্মিলনী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। গণপূর্তমন্ত্রী বলেন, ‘বৈষয়িক উন্নয়ন বাংলাদেশে অনেক হয়েছে। আমাদের অর্থনৈতিক মুক্তি এসেছে অনেকটাই। কিন্তু নৈতিকতা ও মূল্যবোধের মুক্তির কাক্সিক্ষত জায়গায় আমরা এখনো পৌঁছাতে পারিনি। নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয় রোধ করতে না পারলে সভ্যতা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। তাই এ অবক্ষয় রুখতে হবে। জাতিকে এ অবক্ষয় থেকে ফিরিয়ে আনতে হবে।’

‘আলোকিত ৫০ বছর’ শিরোনামে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘শুধু পুঁথিগত বিদ্যা নয়, শিক্ষার্থীদের সততা, নৈতিকতা, মূল্যবোধ এবং দেশপ্রেমের শিক্ষা দিতে হবে। এ চারটি বিষয়ের সমন্বয় ঘটাতে পারলে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের নিয়ে আমরা জাতির ভবিষ্যৎ রচনায় স্বপ্ন দেখতে পারি। এ স্বপ্ন দেখতে না পারলে ত্রিশ লাখ শহীদের রক্ত, দুই লাখ মা-বোনের আত্মত্যাগ এবং আমাদের মহান নেতৃবৃন্দের আত্মোৎসর্গ অর্থহীন হয়ে যাবে।’ সমসাময়িক রাজনীতির প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ‘রাজনীতিতে একটি খারাপ সংস্কৃতি চালু হয়েছে। তা হলো, রাজনীতিতে এলেই বিত্তবৈভব, বাড়ি-গাড়ি, কয়েকটি কোম্পানির মালিক, শত শত কোটি টাকার মালিক হতে হবে। পদ-পদবি পেতেই হবে। এটা রাজনীতির মূল সংস্কৃতি নয়।’ তিনি আরও বলেন, ‘একসময় বাংলাদেশকে বলা হতো দরিদ্রতার রোল মডেল। অথচ আজ বিশ্ব নেতৃত্ব বলেন বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। সেই রোল মডেলের বাংলাদেশকে পরিপূর্ণতা দিতে হলে রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, ইমারত নির্মাণের মতো বৈষয়িক উন্নয়নের সঙ্গে সঙ্গে আমাদের মানসিকতারও পরিবর্তন করতে হবে। ঘুষ, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। অবৈধ অর্থ উপার্জনকারীদের সম্পর্কে ঘৃণার উদ্রেক করতে হবে। মাদক, সন্ত্রাস, ইভটিজিংকে যারা প্রশ্রয় দেন, তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে।’

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারি তিতুমীর কলেজের পঞ্চাশ বছর উদযাপন উৎসবের আহ্বায়ক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, কলেজের প্রাক্তন শিক্ষার্থী মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, প্রাক্তন ভিপি মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদ, প্রাক্তন রাষ্ট্রদূত সোহরাব হোসেন, ঢাকা সাংবাদিক ইয়নিয়নের সভাপতি আবু জাফর সূর্য, কলেজের অধ্যক্ষ মো. আশরাফ হোসেন, উপাধ্যক্ষ ড. আবেদা সুলতানা প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত