সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইট করে কটাক্ষের শিকার হলেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন।
দেশটির সর্বত্র নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ এবং শিক্ষার্থীদের প্রতি পুলিশি নির্যাতনের ঘটনায় বলিউডের কেউ কেউ মুখ খুললেও বড় তারকারা রয়েছেন নীরব।
এরই মধ্যে অমিতাভ বচ্চনের নববর্ষের শুভেচ্ছা-টুইটের জবাবে কটাক্ষ ছুড়ে দিলেন পরিচালক অনুরাগ কাশ্যপ।
অমিতাভ শুক্রবার রাতে টুইট করেছিলেন, ‘নতুন বছর আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি। তবে চিন্তা করবেন না, এ তো ১৯-২০ ব্যবধান।’
সেই টুইটেরই পাল্টা অনুরাগ লেখেন, ‘এবার আর ১৯-২০ ব্যবধান নয়। এবারের ব্যবধান অনেক বেশি। আপনি বরং নিজের শরীরের খেয়াল রাখুন। সত্তরের দশকে যে আপনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, আপনার ভেতরের সেই ‘বচ্চন’কেই আমরা নিজেদের মধ্যে বয়ে নিয়ে চলেছি। এবার গব্বর, লায়ন বা শাকাল... আমরাই মোকাবিলা করব।’
‘শোলে’য় কুখ্যাত ডাকাত গব্বর সিংহকে হারিয়েছিল বচ্চন অভিনীত জয় চরিত্রটি। গব্বরের ভূমিকায় ছিলেন আমজাদ খান। ‘কালীচরণ’-এ অজিত অভিনীত ‘লায়ন’ চরিত্রটি ছিল মাফিয়া। সে ছবির নায়ক ছিলেন শত্রুঘ্ন সিংহ। ‘শান’-এ শাকালের চরিত্রে অভিনয় করেছিলেন কুলভূষণ খারবান্দা। ওই কুখ্যাত অপরাধীকেও শায়েস্তা করে বিজয় (অমিতাভ)।
অনুরাগ দীর্ঘদিনই মোদী সরকারের বিভাজন নীতির বিরুদ্ধে সরব। সম্প্রতি তার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ জারি হয়েছে।