জন্মদিনে হ্যাটট্রিক করা সেই সিডলের অবসর

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ১০:৩৯ এএম

নিজের ২৬তম জন্মদিনে হ্যাটট্রিক করার বিরল স্মৃতির মালিক অস্ট্রেলিয়ান পেসার পিটার সিডল অবসরের ঘোষণা দিয়েছেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনই সতীর্থদের নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার।

সিডল ৬৭ টেস্টে ২২১ উইকেটের মালিক। গত গ্রীষ্মে ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ উদ্ধারে অস্ট্রেলিয়াকে সাহায্য করেন।

চলতি বছর এসেক্সের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপ জেতা এই পেসারের ঘরোয়া ক্রিকেটের দলটির সঙ্গে চুক্তি ২০২০ সাল পর্যন্ত।

২০০৮ সালে ভারতের বিপক্ষে অভিষেক হওয়ার পর ২০১০-১১ মৌসুমে গাব্বায় ইংল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক দিয়ে জন্মদিন উদ্‌যাপন করেন সিডল।

সেদিন ৪৭ রান করে ক্রমেই বিপজ্জনক হয়ে উঠতে থাকা পিটারসনকে নিজের প্রথম শিকারে পরিণত করেছিলেন তিনি। এক ওভার পরেই ফিরিয়ে দেন অস্ট্রেলিয়ার জন্য আরেক হুমকি পল কলিংউডকে। পরের স্পেলের দ্বিতীয় ওভারেই চলে আসে তার ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ওভারটি।

তৃতীয় বলে ৬৭ রান করা অ্যালিস্টার কুককে দেখার মতো একটি আউটসুইংয়ে বাধ্য করেন স্লিপে দাঁড়ানো ওয়াটসনের হাতে ক্যাচ দিতে। পরের বলে ম্যাট প্রিয়রকে বোল্ড করে ফেরত পাঠান সাজঘরে। হ্যাটট্রিক বলে স্টুয়ার্ট ব্রডকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ঢুকে যান রেকর্ড বুকের পাতায়। দুই ওভার পরে গ্রায়েম সোয়ানকে নিজের ষষ্ঠ শিকারে পরিণত করেন।

সিডলের এমন যাত্রায় কিছুটা ছেদ পড়ে ২০১৬ সালের দিকে। ব্যাক ইনজুরিতে বছর খানেক দলের বাইরে থাকেন। ফিরে আসেন গত বছর অক্টোবরে। সর্বশেষ জাতীয় দলের হয়ে মাঠে নামেন চলতি বছর সেপ্টেম্বরে।

নিউজিল্যান্ডের বিপক্ষে দলে ডাক পেলেও প্রথম দুই টেস্টে একাদশে জায়গা পাননি।

ওয়ানডেতে মাঠে নেমেছেন ২০ বার। উইকেট আছে ১৭টি। হালের জনপ্রিয় সংস্করণ টি-টোয়েন্টিতে দুই ম্যাচ খেলে নিয়েছেন তিন উইকেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত