এগিয়ে গিয়েও চেলসির কাছে আর্সেনালের হার

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ১০:৫৪ পিএম

নিজেদের মাঠে শুরুতে এগিয়ে যাওয়ার পরও কাজের কাজ করতে পারেনি আর্সেনাল। শেষ সময়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটিতে জয় ছিনিয়ে নিয়েছে চেলসি।

লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে রোববার ইংল্যান্ডের সর্বোচ্চ লিগের ম্যাচটিতে অতিথি চেলসির কাছে ২-১ গোলে হারে আর্সেনাল। এই নিয়ে সব ধরনের প্রতিযোগিতায় টানা পাঁচ ম্যাচ ধরে জয়হীন থাকল গানার নামে খ্যাত দলটি।

অন্যদিকে আর্সেনালের বিপক্ষে জয়ে আগের ম্যাচে সাউদাম্পটনের কাছে ২-০ গোলের হারের হতাশা কাটাল চেলসি। লিগের পয়েন্ট টেবিলের চতুর্থস্থানে থাকা দলটির পয়েন্ট দাঁড়াল ২০ ম্যাচে এগারো জয় ও দুই ড্রয়ে ৩৫।

নিজেদের মাঠে ম্যাচের ত্রয়োদশ মিনিটে গিয়ে যায় আর্সেনাল। ক্যালাম চেম্বারের কর্নার থেকে গোলপোস্টের খুব কাছে বল পেয়ে যান পিয়েরে-এমারিক আউবামেয়াং। নিখুঁত হেডে জালে বল জড়ান ফরাসি এই স্ট্রাইকার। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে আর্সেনাল।

চেষ্টা করেও ম্যাচে সমতা ফেরাতে পারছিল না চেলসি। ৮৩তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় জর্জিনিয়ো। সতীর্থের সেট পিস থেকে বল পেয়ে খুব কাছ থেকে লক্ষ্যে পাঠান ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনিয়ো।

সমতা ফেরানোর পঞ্চম মিনিটে জয়সূচক গোলও পেয়ে যায় চেলসি। উইলিয়ানের দ্রুত গতির পাসে ডি-বক্সের মাঝামাঝি থেকে গোলটি করেন ইংলিশ স্ট্রাইকার ট্যামি আব্রাহাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত