বাংলাদেশ থেকে জাপান আম আমদানির আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক। গতকাল রবিবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ে নিজ দপ্তরে কৃষিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো এ আগ্রহের কথা জানান।
জাপানের রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশে বিনিয়োগের চমৎকার পরিবেশ রয়েছে। একটি আদর্শ শিল্পপ্রতিষ্ঠান করার জন্য যা যা প্রয়োজন তা নিশ্চিত করবে সরকার, তার ১০০টি অর্থনৈতিক অঞ্চলের মাধ্যমে। জাপান বাংলাদেশে বিনিয়োগ করেছে, অংশীদারত্ব গড়ে তুলছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিবিড় করেছে।’
স্বাধীনতার পর বাংলাদেশের দুর্দিনে উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের স্থান সবার ওপরে উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণ জাপানের সরকার ও জনগণকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে সব সময়। কৃষিবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কৃষি উৎপাদন খরচ কমানোর লক্ষ্যে ডিএপি সারের মূল্য কমিয়েছে। কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাস্থ্য, শিক্ষাসহ আর্থসামাজিক ক্ষেত্রে উন্নতি সাধন করেছে। দারিদ্র্যের হার কমেছে, শিশু মাতৃমৃত্যুর হার কমেছে, মানুষের গড় আয়ু বেড়েছে। কৃষিক্ষেত্রে অভাবনীয় সাফল্যে খাদ্য ঘাটতিতে থাকা দেশটি আজ খাদ্য রপ্তানি করেছে। আগামী দুই-তিন বছরের মধ্যে কৃষিকে শতভাগ যান্ত্রিকীকরণ ও বহুমুখীকরণ করা হবে বলেও তিনি জানান।
