৩০ বছরের লিগ শিরোপা খরা কাটানোর পথে দুর্বার গতিতে এগিয়ে যাওয়া লিভারপুল রবিবার উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সকে নিজেদের মাঠে ১-০ গোলে হারিয়েছে। অ্যানফিল্ড স্টেডিয়ামে এই নিয়ে তারা টানা ৫০টি ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যাচে অপরাজিত থাকল।
লিভারপুল বছর শেষ করছে শীর্ষস্থান মজবুত করে। দ্বিতীয় স্থানে থাকা লেস্টার সিটির সঙ্গে তাদের ১৩ পয়েন্টের ব্যবধান!
এদিন ৪২ মিনিটে তাদের এগিয়ে দেন সাদিও মানে। গোলটি নিয়ে অভিযোগ আছে প্রতিপক্ষের। অ্যাডাম লালানা বল রিসিভ করায় সময় ‘কাঁধে’ লাগান। কিন্তু উলভারহ্যাম্পটনের দাবি, বল লেগেছে হাতে। ভিডিও দেখেও মনে হয়েছে, হাত এবং কাঁধ জড়িয়েছে বল। কিন্তু বেশ লম্বা সময় রিভিউ নিয়ে রেফারি কাউন্ট করেন কাঁধ।
এরপর আবার উলভসের সমতাসূচক ‘গোলটি’ বাতিল হয় অফসাইডের কারণে। এখানেও আলোচনায় সেই ভিএআর। অল্প ব্যবধানের কারণে ভিডিও দেখে রেফারি অফসাইডের বাঁশি বাজান।
ঘরের মাঠে লিভারপুল অপরাজিত ৫০ ম্যাচের মধ্যে জয় পেয়েছে ৪০টিতে। বাকিগুলো ড্র।
লিগে ৫০ কিংবা তার বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড আগেও করেছে লিভারপুল। ১৯৭৮ থেকে ১৯৮০ সাল পর্যন্ত তারা ৬৩টি ম্যাচে হারেনি।
লিগে ঘরের মাঠে সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড চেলসির। ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত ৮৬ ম্যাচ অপরাজিত ছিল তারা।
