বলিউডে কয়েক বছর ধরে সিনেমার বাজার বেশ ভালো। ভারতের অর্থনীতির দুর্দশা নিয়ে সমালোচনার জবাবে সম্প্রতি এক কেন্দ্রীয় মন্ত্রী তো বলেই ফেললেন, জনগণের হাতে টাকা না থাকলে শত কোটি রুপি সিনেমার টিকিট বিক্রি হয় কীভাবে?
এবার দেখা যাক কোন কোন ছবি বাণিজ্যিকভাবে সফল হলো। আনন্দবাজার পত্রিকা অবলম্বনে জেনে নিন বিশটি ছবির নাম-
আয়ুষ্মান খুরানা, ঈশা তলোয়ার অভিনীত ‘আর্টিকেল ১৫’ সমালোচক মহলে চূড়ান্ত প্রশংসিত। অন্যধারার ছবিটি বক্স অফিসেও সফল। ব্যবসা করেছে ৯২ কোটি রুপি। টাইগার শ্রফ, তারা সুতারিয়া ও অনন্যা পাণ্ডে অভিনীত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ ব্যবসা করেছে ৯৮ কোটি রুপি।
১২৬ কোটি রুপি আয় করেছে ‘লুকাছুপি’। অভিনয় করেছেন কার্তিক আরিয়ান ও কীর্তি শ্যানন অভিনীত। অনেক সাড়া জাগিয়ে মুক্তি পায় ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’। কঙ্গনা রনৌতের এই ছবি সমালোচিত হলেও ব্যবসা মন্দ হয়নি। বক্স অফিস কালেকশন ১৩৩ কোটি, যদিও বাজেটের বিবেচনা লাভ নগণ্য।
অজয় দেবগন ও টাবুর ‘দে দে পেয়ার দে’র ব্যবসার পরিমাণ ১৩৮ কোটি রুপি। অমিতাভ বচ্চন ও তাপসী পান্নুর অসামান্য অভিনয়ে সমৃদ্ধ থ্রিলার ‘বদলা’ ব্যবসা করেছে ১৩৮ কোটি রুপির। আয়ুষ্মান খুরানা ও ভূমি পেডনেককের ‘বালা’ ব্যবসা করেছে ১৪৭ কোটি রুপি।
এদিকে আপাতত ১০০ কোটির ক্লাবেই রাখতে হচ্ছে সালমান খান ও সোনাক্ষী সিনহার ‘দাবাং থ্রি’কে। মুক্তি পেয়েছে ২০ ডিসেম্বর। যদিও দুই সপ্তাহের মধ্যেই পৌঁছেছে ১৭৯ কোটিতে।
বলিউডে চলতি বছরও দেশাত্মবোধক ছবির পারফরম্যান্স বেশ ভালো। অক্ষয় কুমার ও পরিণীতি চোপড়া অভিনীত ‘কেশরী’ ব্যবসা করেছে ২০৭ কোটি রুপি। বাস্তবের সংগ্রামের কাহিনি ‘সুপার থার্টি’ও পাল্লা দিয়েছে বক্স অফিসে। হৃতিক রোশনের এই ছবি ব্যবসা করেছে ২০৯ কোটি রুপি। সেপ্টেম্বরে মুক্তি পায় ‘ছিঁছোর’। সুশান্ত সিং রাজপুত ও শ্রদ্ধা কাপুর অভিনীত ছবিটির আয় ২১২ কোটি রুপি।
মাধুরী দীক্ষিত, অনিল কাপুর, অজয় দেবগনের ‘টোটাল ধামাল’ ব্যবসা করেছে ২২৮ কোটি রুপি। রণবীর সিং-আলিয়া ভাটের দুরন্ত অভিনয় ছিল ‘গাল্লি বয়’ ছবির মূল আকর্ষণ। বক্স অফিসে ব্যবসার পরিমাণ ২৩৮ কোটি রুপি।
অক্ষয় কুমার, ববি দেওল, রীতেশ দেশমুখ ও কীর্তি শ্যানন অভিনীত ‘হাউসফুল ফোর’-এর ব্যবসা ছুঁয়েছে ২৭৯ কোটি রুপি। নারীকেন্দ্রিক ছবির মধ্যে অন্যতম ‘মিশন মঙ্গল’। বিদ্যা বালান, তাপসী পান্নু, সোনাক্ষী সিং ও অক্ষয় কুমার অভিনীত এই ছবির বাণিজ্য ২৯০ কোটি রুপি।
সালমান-ক্যাটরিনার ‘ভারত’ ঢুকে পড়েছে ৩০০ কোটির ক্লাবে। আয় ৩২৫ কোটি রুপি। ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এ অভিনয়ের সুবাদে সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পান ভিকি কৌশল। ব্যবসা করেছে ৩৪২ কোটি রুপি।
একরোখা, প্যাশনেট প্রেমিকের ভূমিকায় বাজিমাত করেছেন শহীদ কাপুর। কিয়ারা আদভানির বিপরীতে তার অভিনয় ‘কবির সিং’-এর সাফল্যের রসায়ন। পুরুষতান্ত্রিকতার অভিযোগ উঠলেও ব্যবসা পৌঁছেছে ৩৭৯ কোটিতে।
৪০০ কোটির ক্লাবে পৌঁছেছে দুটি মাত্র ছবি। তার মধ্যে একটি প্রভাস ও শ্রদ্ধা কাপুরের ‘সাহো’। ব্যবসা ছুঁয়েছে ৪৩৩ কোটি রুপি, অবশ্য বাজেট বিবেচনায় সিনেমাটি ফ্লপ। বছরের সবচেয়ে বাণিজ্য সফল ছবি ‘ওয়ার’। হৃতিক রোশন ও টাইগার শ্রফ অভিনীত এ ছবির আয় পৌনে ৫০০ কোটি রুপি।
