ঝোড়ো ব্যাটিংয়ে দলকে বড় পুঁজি দেন তামিম ইকবাল ও আসিফ আলি। বোলিংয়ে দ্যুতি ছড়ালেন ওয়াহাব রিয়াজ। তাতে ছন্দে থাকা রাজশাহী রয়্যালসে হারিয়ে দিয়েছে ঢাকা প্লাটুন।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার দ্বিতীয় ম্যাচে রাজশাহীকে ৭৪ রানে হারায় মাশরাফী বিন মোর্ত্তজার ঢাকা। জয়ের জন্য ১৭৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ১৬.৪ ওভারে ১০০ রানে গুঁড়িয়ে যায় আন্ড্রে রাসেলের দল।
রাজশাহীর ব্যাটসম্যানদের মধ্যে আফিফ হোসেন (৩১) ও নাহিদুল ইসলাম (১৪) ছাড়া উল্লেখযোগ্য রান করতে পারেননি কেউই। দলটিকে একাই গুঁড়িয়ে দিয়েছেন ঢাকার পেসার ওয়াহাব। মাত্র ৮ রান খরচে ৫ উইকেট নেওয়ার পাশাপাশি দ্বিতীয় বোলার হিসেবে বিপিএলে ত্রিপল-উইকেট মেডেন নেওয়ার কীর্তি গড়লেন পাকিস্তানি এই পেসার।
অন্যদের মধ্যে একটি করে উইকেট নিয়েছেন হাসান মাহমুদ, লুইস রিস ও শাদাব খান।
এর আগে নির্ধারিত কুড়ি ওভারে ৫ উইকেটে ১৭৪ রান করে টসে হারা ঢাকা। দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দিতে বড় অবদান তামিম ও আসিফের। অপরাজিত ষষ্ঠ উইকেটে এই জুটিতে আসে ৯০ রান।
অসাধারণ দায়িত্ব পালন করেছেন ফর্মে থাকা তামিম। শুরুতে ধীরস্থির ব্যাটিং করলেও সময়ের সঙ্গে দ্রুত গতিতে রান তুলতে থাকেন তিনি। ৫২ বলে চার চার ও তিন ছক্কায় অপরাজিত ৬৮ রানের ইনিংস খেলেন দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা এই ব্যাটসম্যান।
শুরু থেকেই দাপটের সঙ্গে ব্যাট চালান আসিফ আলি। ২৮ বলে চার চার ও চার ছক্কায় ৫৫ রান করে অপরাজিত থাকেন পাকিস্তানি এই মিডল অর্ডার ব্যাটসম্যান। অন্যদের মধ্যে মেহেদি হাসান ২১ ও এনামুল হক ১০ রান করেন।
ঢাকা প্লাটুনের বোলারদের মধ্যে ৪৪ রানে ২ উইকেট নেন ফরহাদ রেজা। একটি করে উইকেট নেন আন্ড্রে রাসেল, শোয়েব মালিক ও রবি বোপারা।
টুর্নামেন্টের প্রথম ধাপে একই ভেন্যুতে মুখোমুখি হয়েছিল দল দুটি। তাতে রাজশাহীর কাছে ৯ উইকেটে হেরেছিল ঢাকা। সে হারের প্রতিশোধ নিল মাশরাফীর দল।
এদিকে ম্যাচটিতে দারুণ এক নজির গড়েছেন ঢাকার বদলি উইকেটরক্ষক জাকের আলি। বিপিএলে প্রথম উইকেটরক্ষক হিসেবে এক ম্যাচে ৫ ক্যাচ নেওয়ার কীর্তি গড়লেন তিনি।
এই জয়ে পয়েন্ট টেবিলের চতুর্থস্থানে থাকা ঢাকার পয়েন্ট দাঁড়িয়েছে আট ম্যাচে ১০।
দ্বিতীয় ও তৃতীয়স্থানে থাকা সাতটি করে ম্যাচ খেলা খুলনা টাইগার্স ও রাজশাহী রয়্যালসের পয়েন্টও ১০। কিন্তু রান রেটের কারণে আগে পিছে অবস্থান তাদের।
আট ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
