হারিয়েছি যাদের

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ১১:৩১ পিএম

এ বছরও শোবিজ অঙ্গনের কিছু গুণী মানুষকে আমরা হারিয়েছি। তারা চলে গেলেও বেঁচে আছেন কাজ ও স্মৃতির মধ্যে। হারানো শিল্পীদের নিয়ে এ আয়োজন সাজিয়েছেন মাসিদ রণ

আহমেদ ইমতিয়াজ বুলবুল

বছরের প্রথম দিকে হাজারো মানুষের হৃদয়ে শূন্যতা তৈরি করে না ফেরার দেশে পাড়ি জমান এক নক্ষত্র। তিনি মুক্তিযোদ্ধা, প্রখ্যাত গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল। ২০১৯ সালের ২২ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ৭০ দশকের শেষ লগ্ন থেকে আমৃত্যু বাংলাদেশ চলচ্চিত্র শিল্পসহ সংগীতশিল্পে সক্রিয় ছিলেন বুলবুল। অসংখ্য জনপ্রিয় গানের সুরকার ছিলেন তিনি।

শাহনাজ রহমতউল্লাহ

২৩ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসায় মারা যান কিংবদন্তি সংগীতশিল্পী শাহনাজ রহমতউল্লাহ। দীর্ঘ পঞ্চাশ বছরের সংগীতজীবনে ‘এক নদী রক্ত পেরিয়ে’, ‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়’, ‘একতারা তুই দেশের কথা বল রে, এবার বল’, ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’সহ অসংখ্য কালজয়ী গান উপহার দিয়ে গেছেন তিনি। সংগীতে অবদানের জন্য তিনি একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কারসহ অসংখ্য স্বীকৃতি পেয়েছেন।

টেলি সামাদ

জনপ্রিয় অভিনেতা টেলি সামাদ গত ৬ এপ্রিল স্কয়ার হাসপাতালে মারা গেছেন। সত্তর ও আশির দশকের শক্তিমান এ অভিনেতার প্রকৃত নাম আবদুস সামাদ। অভিনয়ের জন্যই তিনি ‘টেলি’ উপাধি পান। শুধু অভিনয় নয়, গান ও ছবি আঁকাতেও ছিল তার সমান পারদর্শিতা।

সালেহ আহমেদ

টেলিভিশন ও চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা সালেহ আহমেদ গত ২৪ এপ্রিল রাজধানীর এ্যাপোলো হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৮৩ বছর। ১৯৯১ সালে হুমায়ূন আহমেদের নাটক ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় শুরু করেন। ধারাবাহিক ‘অয়োময়’ নাটক এবং ‘আগুনের পরশমণি’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জগতে তার পদচারণা শুরু। এই অভিনেতা পেয়েছেন স্বাধীনতা পদক।

খালিদ হোসেন

২২ মে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পৃথিবীর মায়া ত্যাগ করেন বরেণ্য নজরুল সংগীত শিল্পী খালিদ হোসেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর। দীর্ঘদিন হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি ২০০০ সালে একুশে পদক পেয়েছেন। আরও পেয়েছেন নজরুল একাডেমি পদক, শিল্পকলা একাডেমি পদক, কলকাতা থেকে চুরুলিয়া পদকসহ অসংখ্য সম্মাননা।

সুবীর নন্দী

৭ মে দেহত্যাগ করেন কিংবদন্তি কণ্ঠশিল্পী সুবীর নন্দী। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের এমআইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়। ৬৬ বছর বয়সী সুবীর নন্দী দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে ভুগছিলেন। দীর্ঘ ৪০ বছরের ক্যারিয়ারে আড়াই হাজারেরও বেশি গান গেয়েছেন সুবীর নন্দী। বাংলাদেশ বেতার, টেলিভিশন ও চলচ্চিত্রে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। পেয়েছেন কোটি মানুষের ভালোবাসা ও অনেক স্বীকৃতি।

মমতাজ উদ্দীন আহমদ

২ জুন চিরবিদায় নিয়েছেন প্রখ্যাত নাট্যকার, অভিনেতা ও ভাষাসৈনিক মমতাজ উদ্দীন আহমদ। নাটকে বিশেষ অবদানের জন্য তিনি ১৯৭৬ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও ১৯৯৭ সালে একুশে পদক লাভ করেন।

হুমায়ূন সাধু

তরুণ নাট্যনির্মাতা ও অভিনেতা হুমায়ূন সাধু। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৫ অক্টোবর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সিনেমা নির্মাণের স্বপ্ন দেখছিলেন তিনি। কিন্তু তার আগেই বিদায় নিতে হলো তাকে।

কালা আজিজ

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা আজিজ। চলচ্চিত্রে ‘কালা আজিজ’ নামে পরিচিত ছিলেন গুণী এই শিল্পী। গত ২৩ নভেম্বর রাজধানীর উত্তরায় নিজ বাসায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর।

মাহফুজুর রহমান খান

দশবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান। গত ৬ ডিসেম্বর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মাহফুজুর রহমান খান ছিলেন প্রখ্যাত চিত্রগ্রাহক আবদুল লতিফ বাচ্চুর শিষ্য। তার অধীনে সহকারী চিত্রগ্রাহক হিসেবে ১৯৭০ সালে ‘দর্পচূর্ণ’ ও ১৯৭১ সালে ‘স্বরলিপি’ চলচ্চিত্রে কাজ করেন।

পৃথ্বী রাজ

তরুণ শিল্পী, সুরকার, সংগীত পরিচালক পৃথ্বী রাজ। গত ১৫ ডিসেম্বর নিজের স্টুডিও জিলাপিতে কাজ করার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। বছরের শেষ দিকে শোকের মিছিলটা ভারী করে দিয়ে গেলেন তরুণ এই প্রিয়মুখ।

আমরা আরও হারিয়েছি ষাটের দশকের সিনেমার প্রখ্যাত প্রযোজক ইফতেখারুল আলম কিসলু, কৌতুক অভিনেতা আনিসুর রহমান আনিস, ‘পাগল মন’ গানের গীতিকার আহমেদ কায়সার, ‘তুমি আছো হৃদয়ে’ সিনেমার পরিচালক হাসিবুল ইসলাম মিজান, বর্ষীয়ান অভিনেত্রী মায়া ঘোষ, মঞ্চ ও ছোট পর্দার অভিনয়শিল্পী তমা খান, মডেল, অভিনেত্রী সূচনা ডলি। চলচ্চিত্র নির্মাতা নাজমুল হুদা মিন্টু, চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও পরিচালক খলিলুর রহমান বাবর, নির্মাতা মোহাম্মদ জাকির খান, প্রথিতযশা চিত্রশিল্পী কালিদাস কর্মকারসহ আরও কয়েকজনকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত