সমালোচনায় প্রিয়াঙ্কা

বদলা নিচ্ছে উত্তর প্রদেশের পুলিশ

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৯, ০২:০২ এএম

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও প্রাদেশিক পুলিশ বাহিনীর তীব্র সমালোচনা করলেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। গতকাল সোমবার প্রিয়াঙ্কা নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলনরতদের বিরুদ্ধে উত্তর প্রদেশ পুলিশের বর্বরোচিত হামলা প্রসঙ্গে বলেন, ‘যোগীর হয়ে বদলা নিশ্চিত করছে উত্তর প্রদেশের পুলিশ।’

সম্প্রতি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বলেছিলেন, তার সরকার নাগরিকত্ব আইনবিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে বদলা নেবে। যোগীর বক্তব্যের জের ধরেই প্রিয়াঙ্কা গতকাল ওই কথা বলেন।

সোমবার দিল্লিতে সাংবাদিকদের প্রিয়াঙ্কা বলেন, ‘আমার নিরাপত্তা বড় ইস্যু নয়। আমরা সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে কথা বলছি। সাড়ে পাঁচ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। অনেককেই শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। পুলিশ ও প্রশাসন অন্যায় করছে।’

তিনি আরও বলেন, ‘যোগী গেরুয়া পোশাক পরেন। এই পোশাক তার নয়, এই দেশের ধর্ম ও আধ্যাত্মিক চেতনার রং গেরুয়া। হিন্দুধর্মের প্রতীক এই রং। তার উচিত ধর্মকে অনুসরণ করা। এখানে ধর্মের নামে শত্রুতা, প্রতিশোধ ও হিংসার জায়গা নেই।’

গোটা উত্তর প্রদেশে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ হচ্ছে। কিছু স্থানে প্রতিবাদ সহিংসতায় রূপ নিয়েছে। রাজ্যে বিক্ষোভে এখন পর্যন্ত ২০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। যদিও উত্তর প্রদেশ পুলিশের দাবি, তারা বিক্ষোভকারীদের ওপর কোনো গুলি চালায়নি। কিন্তু বিভিন্ন সংবাদমাধ্যমে গুলি করতে উদ্যত পুলিশের ছবি প্রকাশ পেয়েছে।

বিক্ষোভে নিহতদের প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, ‘আমি বিজনরে গিয়েছিলাম। সেখানে দুজন শিশু নিহত হয়েছে। তাদের মধ্যে একজন কফি বিক্রেতা, সে নিজের ঘরের বাইরে দাঁড়িয়েছিল। স্থানীয়রা বলছে, ওই শিশুকে পুলিশ তুলে নিয়ে যাওয়ার ৩০ মিনিট পরে তার মরদেহ পাওয়া যায়। গুলি করে হত্যা করা হয় তাকে।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত