১৮ বছরে মাত্র পাঁচ দিন ছুটি কাটিয়েছেন জন

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৯, ১০:২৩ এএম

বলিউড অভিনেতা জন আব্রাহাম জানালেন, গত ১৮ বছরে মাত্র পাঁচ দিন ছুটি কাটিয়েছেন। সাদাসিধে জীবন যাপনে বিশ্বাস করেন তিনি। নিজের নয়, অন্যদের জন্য খরচ করতে পছন্দ করেন। আরও বলেন, “আমি নিজের জন্য খরচ করি না। এটা পছন্দও করি না।”

সম্প্রতি চ্যাট শো ‘নট জাস্ট সুপার স্টারস’-এ ব্যক্তিগত প্রশিক্ষক বিনোদ চান্নাকে নিয়ে হাজির হন জন। সঞ্চালক গুঞ্জন উৎরেজা প্রশ্ন করেন ছুটির পরিকল্পনা নিয়ে। কাজকে নেশা উল্লেখ করে বলেন, “গত আঠারো বছরে মাত্র পাঁচ দিন ছুটি কাটিয়েছি।”

বন্ধুত্ব প্রসঙ্গে বলতে গিয়ে জন আব্রাহাম জানান, তার ঘনিষ্ঠ বন্ধুদের একজন সুখু, যিনি অটোরিকশা চালক। প্রতিদিন নায়ককে অফিসে আনা-নেওয়া করেন। একদিন তারা প্রেক্ষাগৃহে বসে একটি তামিল সিনেমা দেখেন। সুখু সিনেমাটি রিমেকের কথা বলেন। পরে জন ‘ফোর্স’ নামে হিন্দিতে নির্মাণ করেন।

আরও জানান, তার বড় সুবিধা হলো ব্যর্থতায় ভয় পান না। এর কারণ হিসেবে জন জানান, তিনি মধ্যবিত্ত পরিবার থেকে এসেছেন। এখনো সেই মূল্যবোধ শক্তভাবে লালন করেন। ব্যর্থতা ও সফলতা একে পরের উল্টোপিঠ। এ জন্য তাকে ব্যর্থতা আক্রান্ত করে না।

পূজা ভাট পরিচালিত ‘জিসম’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন জন আব্রাহাম। এরপর গরম মাশালা , ধুম, জিন্দা, নো স্মোকিং, ট্যাক্সি নং ৯২১১, দোস্তানা, মাদ্রাজ ক্যাফের মতো সিনেমায় ভিন্ন ভিন্ন অবতারে হাজির হন। সাম্প্রতিক বছরগুলোকে দেশপ্রেমের কাহিনিতে তাকে বারবার পাওয়া গেছে। এর মধ্যে আছে পরমাণু, সত্যমেভ জয়তে ও বাটলা হাউস। ২০২০ সালে মুক্তি পাবে জন আব্রাহামের তিন সিনেমা- মুম্বাই সাগা, অ্যাটাক ও সত্যমেভ জয়তে টু।  সেখানে তাকে পাওয়া যাবে স্টাইলিশ অ্যাকশন ও থ্রিলার গল্পে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত