সুযোগ পেলে আবার ‘মানকাড’ করবেন অশ্বিন

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৯, ০২:১৮ পিএম

তার বোলিংয়ের সময় কেউ ক্রিজ ছেড়ে বেরিয়ে গেলে সামনের আইপিএলেও ‘মানকাড’ আউট করবেন রবিচন্দ্রন অশ্বিন। কোনো রাখঢাক না রেখে টুইটারে নিজেই একথা জানিয়েছেন।

২০১৯ সালের আইপিএলে রাজস্থান রয়্যালসের জস বাটলারকে এভাবে আউট করে সমালোচিত হয়েছিলেন অশ্বিন।

ক্রিকেটে কোনো বোলার বল করার সময় ননস্ট্রাইকিং প্রান্তের ব্যাটসম্যান যদি আগেই ক্রিজ ছেড়ে বেরিয়ে যান, তাহলে বোলার স্টাম্প ভেঙে দিলে আউট হবেন ব্যাটসম্যান। ভারতীয় সাবেক ক্রিকেটার বিনু মানকাড়ের নামে এই আউটের নাম ‘মানকাড’ আউট।

ক্রিকেটবিশ্ব এই নিয়মটি নিয়ে দুই ভাগে বিভক্ত। একপক্ষের দাবি, বল শুরু হওয়ার আগেই একজনকে আউট করার ভাবনা অক্রিকেটীয় ব্যাপার। আউট না করে বরং ব্যাটসম্যানকে সতর্ক করা যায়।

অফস্পিনার অশ্বিনের ভাবনা আবার অন্য রকম। তার মতো অনেকেই মনে করেন, নিয়ম যখন হয়েছে তখন সেটা সবার মানা উচিত।

এক টুইটার ব্যবহারকারী সোমবার অশ্বিনকে প্রশ্ন করেন, আইপিএলে কাকে তিনি এইভাবে আবার আউট করতে চান। অশ্বিন সাফ জানান, যে ক্রিজ ছেড়ে বেরিয়ে যাবে তাকেই এভাবে আউট করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত